ছাতক প্রতিনিধি
ছাতকের কালারুকা ইউনিয়নের হাফিজ আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে আর্থিক অনুদান প্রদান করেছেন উপজেলা শিক্ষা কমিটির সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ে আনুষ্ঠাকিভাবে পরিচালনা কমিটি ও শিক্ষকদের উপস্থিতিতে ২ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন তিনি। এসময় তিনি বলেন, ছাতক উপজেলার শিক্ষা ব্যবস্থাকে শতভাগে উন্নীত করতে শিক্ষক-অভিভাবক ও শিক্ষানুরাগীদের বাস্তবমুখী পদক্ষেপসহ আরো দায়িত্বশীল হতে হবে। শিক্ষার উন্নয়নে তার পরিষদ অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে অর্জিত সুফল গোটা জাতির জন্য কল্যাণ বয়ে আনে। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশিকুর রহমান আশিক, প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দত্ত, বিদ্যালয় পরিচালনা কমিটির, নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


