শিল্পকলায় চলচ্চিত্র নির্মাণ কর্মশালা শুরু

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শাহ আবদুল করিম লোকসংস্কৃতি সংগ্রহশালা মিলনায়তনে সোমবার থেকে চার দিনব্যাপী শিশু-কিশোরদের ‘এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ কর্মশালা’ শুরু হয়েছে। বাংলাদেশ শর্টফিল্ম ফোরাম আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সাবেরা আক্তার।
উদ্বোধনী আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, দৈনিক প্রথম আলোর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি অ্যাডভোকেট খলিল রহমান, চলচ্চিত্র নির্মাতা আবিদ মল্লিক, কর্মশালার সমন্বয়কারী মাজহারুল ইসলাম, প্রশিক্ষক তপন কর, নাট্যশিল্পী অরুণ তালুকদার প্রমুখ।
কর্মশালায় সুনামগঞ্জের স্কুল ও কলেজের ১২ থেকে ২০ বছর বয়সী ২০জন শিশু-কিশোর অংশ নিয়েছে। কর্মশালা শেষে তারা ১০টি এক মিনিটের চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শন করবে।
প্রধান অতিথির বক্তব্যে সাবেরা আক্তার বলেন, আজকের শিশু-কিশোরেরা অনেক অগ্রসর ও সৃজনশীল। তাদের চিন্তা-ভাবনার জগৎ অনেক বিস্তৃত। তারা চেষ্টা করলেই নতুন কিছু করতে পারে। তবে সব কিছুর আগে তাদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে। তাদের আলোকিত মানুষ হতে হবে।
কর্মশালায় অংশ নেওয়া শিশু-কিশোরেরা হল শফিকুল ইসলাম, অভিষেক রায়, সুজন পাল, আয়মান ইসলাম প্রিয়, সোহানুর রহমান, মাহফুজ রহমান, অমিত রায়, জয় বর্মন, আমজাদ হোসেন, শিপা আক্তার, বাসব রঞ্জন তালুকদার, বর্ষা রায় চৌধুরী, এনামুল হক মাহি, ইসমাইল হোসেন, জেলী দাস, নুসরাত জাহান দোলা, সুদীপ্ত ঘোষ তূর্য, দুর্বার শামিত আদি, অহনা সাওতি দিশা ও অর্চি নাগ।