বিন্দু তালুকদার
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্য সচিব মালেক হুসেন পীর বৃহস্পতিবার এক ব্যতিক্রমী প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন। সুনামগঞ্জ সরকারি কলেজে শিক্ষক সংকট ও নিয়মিত ক্লাস না করার প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দার মেঝেতে বসে সকাল সোয়া ৯ টা থেকে ১১ টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেছেন তিনি। জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম পরে মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীরকে অফিস কক্ষে ডেকে নেন এবং তাঁর দাবির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর বলেন,‘আমি একজন দরিদ্র মুক্তিযোদ্ধা। অনেক কষ্ট করে মেয়েকে সুনামগঞ্জ সরকারি কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিষয়ে অনার্সে ভর্তি করেছি। সে দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিচ্ছে। বৃহস্পতিবার সকালে পরীক্ষা কেমন হচ্ছে জানতে চাইলে জানায়- বুধবারের ইংরেজি পরীক্ষা খুবই খারাপ হয়েছে। সে জানায় এই বিষয়ে কলেজে একদিনও ক্লাস হয়নি। এছাড়া আরো দ্’ুএকটি বিষয়ে মাত্র ২-৩ দিন ক্লাস হয়েছে।’
মালেক হোসেন পীর জানালেন, জেলার প্রধান উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠ সুনামগঞ্জ সরকারি কলেজে শিক্ষক সংকট ও নিয়মিত ক্লাস না হওয়ার বিষয়টি কোনভাবেই আমি মেনে নিতে পারিনি। এই বিষয়টি জানাতে জেলা প্রশাসকের কাছে গিয়েছিলাম। তিনি অফিসের বাইরে ছিলেন, ঐ সময়টুকু বারান্দায় অবস্থান নিয়ে আমি প্রতিবাদ করেছি। পরে জেলা প্রশাসক এসে অফিসে নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন লিখিত দেবার জন্য, আগামী সোমবার আমি লিখিত দেব।’
এ ব্যাপারে সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন,‘ছাত্রীর অভিযোগ সঠিক নয়। কলেজে বর্তমানে ৫ জন ইংরেজি শিক্ষক আছেন। এর আগে ৪ জন ছিলেন। তবে শ্রেণিকক্ষ সংকট রয়েছে। ছাত্রীর অভিভাবক মুক্তিযোদ্ধা জেলা প্রশাসকের কাছে না গিয়ে আমার কাছে সবকিছু বলতে ও জানাতে পারতেন। ক্লাস না হওয়ার বিষয়টি ঐ ছাত্রীও আমার কাছে জানাতে পারত, সেও কোন দিন জানায় নি।’
- ধর্মপাশায় এক পল্লী চিকিৎসককে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ১
- গুচ্ছ গ্রামকে মডেল করার উদ্যোগ গ্রহণ করা হবে -জেলা প্রশাসক


