জুবিলীর কর্তনকৃত গাছ সড়কে

স্টাফ রিপোর্টার
শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের একটি কর্তনকৃত গাছের দুইটি খন্ড দীর্ঘদিন যাবত লঞ্চঘাটের যাতায়াত সড়কের উপর ফেলে রাখা হয়েছে। এতে মানুষ ও যান চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। এতে ছোটখাট দুর্ঘটনাও ঘটছে।
জানা যায়, প্রায় চার মাস আগে বিদ্যালয়ের দেয়ালের পাশে থাকা এ জাম গাছটি কর্তন করা হয়। এরপর থেকে এ গাছের দুইটি খন্ড পড়ে আছে সড়কের উপর। সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবাইল ফোন রিসিভ না করায় সহকারী প্রধান শিক্ষক ফয়জুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা এ গাছের খন্ডগুলো   বিক্রির জন্য ৩ বার নিলামের ব্যবস্থা করেছি। কিন্তু  নিলাম ডাকে কাঙ্খিত মূল্য না পাওয়ায় তা বিক্রি করিনি। এখন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভায় সিদ্ধান্ত নেয়া হবে।
সুনামগঞ্জের র‌্যাঞ্জ কর্মকর্তা প্রদীপ কুমার দত্ত বলেন, আমি গাছ বিক্রি কমিটির একজন সদস্য। আমি গাছের খন্ডগুলোর দাম নির্ধারণ করে দিয়েছি ৪০ হাজার টাকা। এখন এ দাম পাওয়া যাচ্ছে না নিলামে। এ জন্য বিক্রি হচ্ছে না।