জগন্নাথপুরে ডাকাতি

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে এক লন্ডনপ্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এলাকাবাসী জানান, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের লন্ডন প্রবাসী আলী হোসেনের বাড়িতে গত মঙ্গলবার রাত দুইটার দিকে ১০/১২ জনের একদল মুখোশধারী সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ঘরের দরজা ভেঙ্গে প্রবাসীর ভাই      
 গৃহকর্তা ইমাম হোসেনসহ পরিবারের লোকজনকে মারধর শুরু করে। গৃহকর্তা ইমাম হোসেনের মা আমেনা বেগম জানান, অস্ত্রধারী ডাকাতরা ঘরে ঢুকে ইমাম হোসেনকে মারধর করে ৬ ভরি স্বর্ণালংকার নগদ ২ লাখ টাকা সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায় । আমাদের চিৎকার শুনে লোকজন ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতদের হামলায় আহত ইমাম হোসেন (৩৮) ও তার স্ত্রী সানজিদা বেগম (২৫) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার এস.আই হাবিবুর রহমান জানান,পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। ঘটনাটি পূর্ববিরোধ না ডাকাতি তা তদন্ত করা হচ্ছে। জগন্নাথপুর থানার সহকারী পুলিশ সুপার মাহবুব হোসেন জানান, আমরা তদন্ত করছি।
এ ঘটনায় ইমাম হোসেন বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি এজাহার দাখিল করেছেন বলে জানা গেছে।