ফিরোজপুরে শিশুকে পাশবিক নির্যাতন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ শহরতলীর ওয়েজখালী-ফিরোজপুর গ্রামের ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে পাশবিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকালে ফিরোজপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এঘটনায় অভিযুক্ত ফিরোজপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে সুনু মিয়া (৩০) কে আসামী করে বুধবার রাতে সদর থানায় মামলা দায়ের করেছেন ওই শিশুর মা।
খবর পেয়ে ওই শিশুর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। তারা বুধবার  
 রাতে সদর হাসপাতালে গিয়ে শিশুটির চিকিৎসার খোঁজ খবর নেন।
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ওই শিশুটি অভিযুক্ত সুনু মিয়ার বাড়ির পশ্চিমের পুকুরে থালাবাসন পরিস্কার করতে গিয়েছিল। এসময় সুনু মিয়া পুকুর ঘাটে শিশুটিকে একা পেয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ধর্ষণে ব্যর্থ হয়ে পাশবিক নির্যাতন করে। চিৎকার শুনে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পৌঁছে দেয়।
সদর থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, শিশুটিকে নির্যাতন করার অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে ও অভিযুক্তকে আটক করার চেষ্টা করছে।