ধর্মপাশায় বিজ্ঞানী জহিরুলকে সংবর্ধনা

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্তকরণের ডিভাইস আবিস্কারক তরুণ বিজ্ঞানী ড. মুহম্মদ জহিরুল আলম সিদ্দিকীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুল, বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। ড. মুহম্মদ জহিরুল আলম সিদ্দিকী ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাঘাউছা গ্রামের সন্তান এবং তিনি বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুলের সাবেক ছাত্র।
বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুল মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব খায়রুল বশর ঠাকুর খানের পরিচালনায় ও বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শামসুদ্দিন আহমেদ, উপাধ্যক্ষ বিকাশ রঞ্জন তালুকদার, বাদশাগঞ্জ পাবলিক হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক বজলুর রহমান, সাবেক ইউপি সদস্য হামিদুল ইসলাম রতন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, এলাকার নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিজ্ঞানী জহিরুল তাঁর বক্তব্যে বিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেন। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘দেশের জন্য কাজ করতে হলে সবার আগে দেশকে ভালবাসতে হবে। নিজের দেশের সঠিক ইতিহাস জানতে হবে। একটি এলাকা অবকাঠামোগত দিক দিয়ে উন্নত হলেই যে উন্নত হয়েছে তা বলা যাবে না। চিন্তা চেতনায় উন্নত হতে       
হবে।’ তিনি তাঁর বক্তব্যে বই পড়ার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে লাইব্রেরি প্রতিষ্ঠার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, জহিরুলের আবিস্কৃত ডিভাইস ব্যবহার করে ঘরে বসেই যে কেউ কম খরচে ক্যানসার শনাক্ত করতে পারবে। ক্যানসার শনাক্ত করার পাশাপাশি শরীরে ক্যানসারের হ্রাস, বৃদ্ধি পর্যবক্ষেণ করতেও সক্ষম এই ডিভাইস।