রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে অনিশ্চয়তা

স্টাফ রিপোর্টার
আর মাত্র কয়েকদিন পরই পবিত্র রমজান মাস। এই মাস সিয়াম সাধনার মাস। মুসলমান সম্প্রদায়ের সবাই রোজা রাখবেন। রোজা রেখে অন্য সময়ের মতই স্বাভাবিক কাজ কর্ম করেন। এবারের রমজান মাসে আবহাওয়া উত্তপ্ত থাকবে। অসহ্য গরমে রোজাদারদের প্রশান্তির জন্য নিরবিচ্ছিন্ন
বিদ্যুৎ সরবরাহ থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার দাবি উঠেছে। সভায় উপস্থিত অনেকেই বলেন,‘শহরে প্রায়ই বিদ্যুতের লোড সেডিং হচ্ছে। একবার বিদ্যুৎ চলে গেলে অনেকক্ষণ পর পাওয়া যায়। রমজান মাস শুরু হতে আরো ১৪ দিন বাকী। এর মধ্যে লোড সেডিং কমিয়ে আনতে না পারলে মানুষ চরম দুর্ভোগ পোহাবে।’ অসহ্য গরম থেকে রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান তাঁরা। সভায় উপস্থিত সুনামগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারি প্রকৌশলী জানান তারা গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সর্বাত্মক চেষ্টা করবেন।
সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘ গরম পড়ায় সারা দেশ জুড়েই বিদ্যুতের চাহিদা বেশী। উৎপাদন থেকে চাহিদা বেশী হওয়ায় গ্রাকদের চাহিদামত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না। এছাড়া গত ২/৩ বছর ধরে বিদ্যুতের চাহিদা যখন খুব বেশী পরিমাণে বেড়ে যায় তখন বিদ্যুৎ সরবরাহ ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হয় এবং তখন সুনামগঞ্জের ভাগে সরবরাহ কমিয়ে দেওয়া হয়।’ তিনি বলেন,‘রমজান মাসে গরম থাকলে কমবেশী লোড সেডিং হবেই। তবে এর মধ্যে সরকার যদি বিদ্যুৎ উদপাদন বৃদ্ধি করে সরবরাহ করে তাহলে গ্রাকদের কোন সমস্যা হবে না। উৎপাদন না হলে গ্রাকদের একটু সমস্যা হতে পারে।’