‘লোক কবিরা অসাম্প্রদায়িকতার জয়গান গেয়ে বেড়ান’

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা গীতিকার ফোরামের ৮ম বর্ষপূর্তি উপলক্ষ্যে ৩ দিনব্যাপী গীতিকার মেলার শুক্রবার ছিল ২য় দিন। ওইদিন সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর হাছনরাজা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি বাউল শাহজাহান সিরাজ। প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মন্জুর মোহাম্মদ শাহরিয়ার।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. সামছুল আবেদীন, সংগঠনের উপদেষ্টা ইউসুফ আল আজাদ, দৈনিক সুনামগঞ্জের খবর’র সম্পাদক পঙ্কজ দে, ফকির সামছুল, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. দেবদাস চৌধুরী রঞ্জন, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, অ্যাড. সবিতা চক্রবর্তী, ডা. এম.এ. সহিদ।
সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অরুন তালুকদার। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ডা. আমান উল্লাহ।
বক্তারা বলেন, ‘সুনামগঞ্জের গ্রামীণ লোক কবিদের সৃষ্টিকর্ম ধরে রাখার উদ্যোগ নেয়া হবে। লোক কবিদের পৃষ্ঠপোষকতা
 দেয়ার জন্য নানা কাজ চলছে। লোক কবিরা গ্রামেগঞ্জে অসাম্প্রদায়িকতার জয়গান গেয়ে বেড়ান। এ জন্যই লোক কবিদের পৃষ্ঠপোষকতা দিতে হবে। সুনামগঞ্জ লোক সংস্কৃতির রাজধানী। সুনামগঞ্জের সংস্কৃতি বাংলাভাষীদের সমৃদ্ধ করেছে। দুই বাংলার বাংলাভাষীদের উদ্যোগেই সুনামগঞ্জে লোকসংস্কৃতির চর্চা কেন্দ্র গড়ে উঠা প্রয়োজন।’
আলোচনা সভা শেষে গুণীজনদের সম্মাননা প্রদান করেন অতিথিরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সভা সঞ্চালনা করেন অনিশ তালুকদার বাপ্পু।