বাস্তুচ্যুত করতে দুই ভাইয়ের উপর হামলা

স্টাফ রিপোর্টার, দিরাই
দিরাইয়ের বসতভিটা থেকে উৎখাত করতে না পেরে দুই ভাইয়ের উপর হামলা চালিয়ে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষ। উপজেলার চরনারচর ইউনিয়নের লৌলারচর গ্রামের দুই সহোদর মোক্তার হোসেন ও তহুর মিয়ার উপর শনিবার দুপুরে এ হামলা চালায় প্রতিবেশী নুর ইসলাম ও তার ছেলেরা। এ ব্যাপারে নুর ইসলাম ও তার চার ছেলে জসিম মিয়া, ওয়াসিম মিয়া, পলাশ মিয়া ও রিয়াজ মিয়াকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সাব-েরজিষ্ট্রারের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি ৩৩৮ নং দলিলে চর হবিবপুর মৌজার জেএল নং ৩২ এসএ খতিয়ান নং ৩৩৯ ও ৩৪১, হাল খতিয়ান নং ৪৭৯, ডিপি ২৭৯, নামজারী খতিয়ান নং ৬৬৯, সাবেক দাগ নং ৪২৩, হাল ৫০৭ নং দাগে ৩ শতক ৭৫০ বর্গলিংক চারা এবং একই মৌজার ৪৯১ হাল দাগে ৩ শতক ৭৫০ বর্গলিংক চারা রকম ভূমি লৌলারচর গ্রামের মৃত মৌলভী রুহুল আমিনের ৩ ছেলে  মোক্তার হোসেন, তহুর মিয়া ও জহুরুল ইসলাম ক্রয় করেন প্রতিবেশী মৃত তাজুল ইসলামের ২ ছেলে ও ২ মেয়ের কাছ থেকে।
গ্রামবাসী জানায়, ওই ভূমি ক্রয়ের পর থেকে মৃত তাজুল ইসলামের ভাই নুর ইসলাম ও তার ছেলেরা দখলের পায়তারা করতে থাকে। এবং ক্রেতাদের সাথে নানা ছলছুতোয় ঝগড়া-বিবাদসহ ভূমির ফল-বৃক্ষ জোরপূর্বক নিয়ে যাওয়া শুরু করে। সর্বশেষ গত শনিবার জোরপূর্বক গাছের নারিকেল নিতে ব্যর্থ হয়ে  রাম দা ও ছুলফি নিয়ে মোক্তার হোসেন ও তহুর মিয়াকে রক্তাক্ত জখম করে। হাসপাতালে ভর্তি তহুর মিয়া অভিযোগ করেন, পিতা-পুত্ররা সবাই মিলে রামদা দিয়ে কুপিয়ে আমাকে ও আমার ভাইকে গুরুতর আহত করেছে। বর্তমানে আমরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছি। এ ব্যাপারে হামলাকারী পিতা-পুত্র ৫ জনকে আসামী করে থানায় অভিযোগ করা হয়েছে। থানার ওসি আনিসুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য সাব-ইন্সপেক্টর শামছুল হক খানকে দায়িত্ব দেওয়া হয়েছে।