দ. সুনামগঞ্জ বিলের পাহারাদার খুনের ঘটনায় আসামী গ্রেফতার

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আক্তাপাড়া-কাঠালিয়া উদয়তারা জলমহালের পাহারাদার মুক্তিযোদ্ধা আমানত উল্লাহ (৫৫) কে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামী দুলু মিয়া(২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ। সে কাঠালিয়া গ্রামের আজির উদ্দিনের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আকিকুল ইসলাম জানান গত মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের   
 ভিত্তিতে সুনামগঞ্জ শহর থেকে দুলু মিয়া (২৭) কে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে এবং দুলু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ ই জুন শুক্রবার রাতে আক্তাপাড়া-কাঠালিয়া উদয়তারা জলমহালের পাহারাদার আমানত উল্লাহ (৫৫) কে কুপিয়ে হত্যা করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। পরদিন নিহত আমানত উল্লাহর মেয়ের জামাই সইফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাসহ ১০ ব্যক্তিকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। থানার অফিসার ইনচার্জ আল আমিন আসামী গ্রেফতারের বিষয়ে সত্যতা স্বীকার করেছেন।