সুনামগঞ্জ-সাচনা সড়কের তিনটি ব্রীজের অ্যাপ্রোচের মাটি সরে যাচ্ছে

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সুনামগঞ্জ-সাচনা সড়কের উপর নির্মিত তিনটি ব্রীজের অ্যাপ্রোচের মাটি সরে যাচ্ছে। শনিবার সকালে সরেজমিনে গিয়ে বেরাজালী-ইসলামগঞ্জ সংলগ্ন সংযোগ সড়কের দুই পাশে মাটি সরে যেতে দেখা যায়।
বেরাজালী-নিধিরচর মধ্যবর্তী স্থানের কার্লভাটের উভয় পাশের সংযোগ সড়কের এবং বড়ঘাট-ইসলামগঞ্জের মধ্যবর্তী স্থানে নাইন্দা কার্লভাট সংযোগ সড়কের উভয় পাশে মাটি সরে যাওয়ার দৃশ্য দেখা গেছে।
যদিও ঠিকাদারী প্রতিষ্ঠান সিলেটের টাওয়ার কোম্পানী সংযোগ সড়কটি ধরে রাখার জন্য সংস্কার কাজ করেছে। তবুও এই সামান্য  বৃষ্টিতেই অ্যাপ্রোচের মাটি ধ্বসে পড়েছে এবং বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। ভরা বন্যায় ব্রীজ ও কার্লভাটের অ্যাপ্রোচের অংশটি ভেংগে পড়ার আশংকা রয়েছে।
স্থানীয়রা জানান, ব্রীজ কার্লভাটে নিম্নমানের কাজ হওয়ায় নির্মাণকালীন সময়ে ব্রীজ দুইটির অ্যাপ্রোচের একাধিক অংশ ভেংগে পড়েছিল। পরে আবার ঠিকাদারী প্রতিষ্ঠান তা সংস্কার করে।
নিধিরচর গ্রামের বাসিন্দা জেবেদ আলী এবং বেরাজালী গ্রামের বাসিন্দা শাহ নুর বলেন, ‘বন্যার আগেই এইসব ব্রীজ কার্লভাটের টেকসই কাজ করা উচিত। যদি এই ব্রীজ ও কার্লভাটের অ্যাপ্রোচ সংস্কার কাজের অবহেলা করা হয়, তাহলে হঠাৎ করে এই সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে।’
এলাকার গণ্যমান্য ব্যক্তি ও জাপা নেতা মো. শওকত আলী বলেন, ‘এইসব ব্রীজের আসলে নিম্নমানের কাজ হয়েছে। যার ফলে নির্মাণের সময় অ্যাপ্রোচ ও মাটি ধ্বসে পড়ার ঘটনা ঘটেছে। এই ব্রীজ ও কার্লভাটের দ্রুত সংস্কার কাজ করা জরুরি।’