ছাতক প্রতিনিধি
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহ বলেছেন,‘সরকার বিশেষ এলাকার জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন বাস্তবমুখী প্রকল্প হাতে নিয়েছে। ইতিমধ্যেই এসব প্রকল্প বাস্তবায়নে কাজ চলছে দেশব্যাপি। দেশের অবহেলিত ও বঞ্চিত জনগোষ্ঠীকে স্বাবলম্বি করে গড়ে তুলতে সহায়ক বিভিন্ন সরকারী উপকরণ তাদের হাতে তোলে দেয়া হচ্ছে। বাড়তি আয় ও দারিদ্র বিমোচনে এসব উপকরণ অত্যন্ত সহায়ক হবে। সরকার প্রদেয়
এসব উপকরণ যথাযথ ব্যবহারের মাধ্যমে প্রতিটি পরিবার হতে পারে স্বাবলম্বি ও দ্রারিদ্রমুক্ত। গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে সরকারের এসব পদক্ষেপ বাস্তবায়ন করতে এর সঠিক ব্যবহারের বিকল্প নেই।’
শনিবার দুপুরে ছাতকের ইসলামপুর ইউনিয়নের রাসনগর-ধনিটিলা মনিপুরী মিলনায়তনে ‘বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা শীর্ষক’ কর্মসূচির আওতায় অবকাঠামো উন্নয়ন হস্ত-তাঁত উপকরণ, আসবাবপত্র, শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে ও মনিপুরী সম্প্রদায়ের নেতা ব্রজেন্দ সিংহ’র পরিচালনায় অনুষ্ঠিত উপকরণ বিতরনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, সাবেক ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল হেকিম, ইন্দ্র মোহন সিংহ, আ.লীগ নেতা আব্দুল জব্বার খোকন, নুরুল হক, সমজিৎ শর্ম্মা।
আরো বক্তব্য রাখেন, ফুলবাবু সিংহ, রাম সিংহ, অনিল সিংহ, নিশিকান্ত সিংহ, মিলন সিংহ, হীরেন্দ্র সিংহ, রামেন্দ্র সিংহ, বলদেব শর্ম্মা, ধনমনি সিংহ, লক্ষীকান্ত সিংহ, কালাসেনা সিংহ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, মনিপুরী সমাজকল্যাণ সংস্থার কেন্দ্রিয় সাংস্কৃতিক সম্পাদক শরবিন্দু সিংহ, নিলু সিংহ। সভা শেষে মনিপুরী সম্প্রদায়ের ৯জন মহিলাকে ১টি করে সেলাই মেশিন, অর্ধশতাধিক শিক্ষার্থীকে ১ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি ও ৩০জন মহিলাকে ১ বান্ডিল করে তাঁতের সুতা তুলে দেন প্রধান অতিথি দেবজিৎ সিংহ। এসময় তিনি রাসনগর জগন্নাথ মন্দিরের জন্য একটি টিউবওয়েল ও ১০টি চেয়ার প্রদানের ঘোষণা দেন। মনিপুরী সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধান অতিথিসহ আগত অতিথিদের তাঁতের তৈরী গামছা ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে দেবজিৎ সিংহ রাসনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ মনিপুরী পল্লী ঘুরে দেখেন।


