সদর এবং বিশ্বম্ভরপুরে ৯৫ শতাংশ বিদ্যুতায়ন হয়েছে -পীর মিসবাহ

স্টাফ রিপোর্টার
বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, আমার নির্বাচনী এলাকা সদর এবং বিশ্বম্ভরপুরে প্রায় ৯৫ শতাংশ বিদ্যুতায়ন হয়েছে। ২০২০ সালে আমরা শতভাগ বিদ্যুতায়নের মধ্য দিয়ে আমরা মুজিববর্ষ পালন করব। আমি সংসদ সদস্য হওয়ার পর বলেছিলাম আপনাদেরকে আমি বিদ্যুৎ পৌছে দিব। ইনশাআল্লাহ সেই বিদ্যুৎ আমি আপনাদের ঘরে ঘরে পৌছে দিয়েছি।
তিনি বলেন, আজকে আমি বিদ্যুৎ এর আলোয় আপনার ঘর আলোকিত করলাম। কিন্তু আপনার সন্তানকে যদি শিক্ষার আলোয় আলোকিত করতে পারেন তাহলেই আপনার ঘর আলোকিত হবে। বৃহস্পতিবার বিকালে ফতেপুর ইউনিয়নের সাতগাঁও এলাকার খিরধরপুর, গাজীনগর, বাগুয়া, অনন্তপুর গ্রামের বিদ্যুৎতায়নের উদ্বোধনের পর সাতগাঁও উচ্চ বিদ্যালয় শাহপুর মাঠ প্রাঙ্গণে জনসভায় তিনি এসব কথা বলেন।
সাতগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ নাসির উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন, বিশ্বম্ভরপুর পল্লী বিদ্যুৎ প্রকৌশলী মো.সাইফুল ইসলাম প্রমুখ।