স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের সরকারি কর্মকর্তারা আজ (রোববার) থেকে ‘আইবাস প্লাস প্লাস’ প্রকল্পের মাধ্যমে বেতন পাওয়া শুরু করেছেন। জেলা শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ও সরকারী সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বেতন প্রদানের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হলো।
জেলা হিসাব রক্ষণ অফিস সূত্রে জানা যায়, আগে কর্মকর্তদের ম্যানুয়েল চেক এর মাধ্যমে বেতন ভাতা পরিশোধ করা হতো। এখন সেটি ইলেকট্রিক ফা- ট্রান্সপার (ইএফটি)’র মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবে চলে যাবে। সংশ্লিষ্ট কর্মকর্তা বেতন-বিল সরাসরি অনলাইনে সাবমিট করবেন, হিসাব রক্ষণ অফিস অনলাইনে রিসিভ করবে এবং ইফএফটি’র মাধ্যমে বেতন পরিশোধ করবে।
এই প্রকল্পের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের সঠিক ডাটাবেজ ই-প্রজেক্টের মাধ্যমে তৈরি হচ্ছে। ভবিষ্যতে কাগজ বা সনদের উপর নির্ভর করতে হবে না। সংশ্লিষ্ট কর্মকর্তার জিপিএফ স্লিপ, অগ্রিম আয়কর সনদ, ইত্যাদি সরাসরি আইবাস প্লাস প্লাস থেকে ডাউনলোড করা যাবে।
সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাস চন্দ্র দাস বলেন, এই প্রকল্পের মাধ্যমে বেতন-বিলের আদান প্রদান শুরু হলে হয়রানি কমবে। কর্মক্ষেত্রে ক্যাশ সরকার, অফিস সহকারী বা চতুর্থ শ্রেণির কর্মচারী’র উপর নির্ভরতা কমবে।
জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা পার্থ প্রতিম নাথ বলেন, এই কার্যক্রমকে গুরুত্ব দিলে ভাল হয়। সরবরাহ করা ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আশা করি সংশ্লিষ্টরা দাখিল করবেন। বিশেষ করে জাতীয় পরিচয় পত্রের নামের সঙ্গে ব্যাংক হিসাবের নামের মিল থাকতে হবে এবং ব্যাংক রাউটিং নম্বর উল্লেখ করতে হবে। এই সুবিধা অন্যান্য অফিসের সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও শুরু হবে বলে জানান পার্থ প্রতিম নাথ।


