দিরাই প্রতিনিধি
দিরাইয়ের কালধর গ্রামে দইপক্ষের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ আহত এলাইছ মিয়া (৫২) নামের আরেকজনের মৃত্যু ঘটেছে। সে গ্রামের ওয়াহিদ উল্লার ছেলে। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য সাহাব উদ্দিন। এর আগে গত রোববার এই সংঘর্ষের ঘটনায় গ্রামের আমির উদ্দিন নামে একজন নিহত এবং গুলিবিদ্ধ ১৩ জনসহ ২০ জন আহত হয়।
স্থানীয়রা জানান, কালধর গ্রামের ফারুক মিয়া, মনু মিয়া ও আওয়াল মিয়ার কাছে
গ্রামের উন্নয়ন ফান্ডের থাকা প্রায় ১০-১২ লাখ টাকা নিয়ে নিহত আমির উদ্দিনসহ গ্রামের অন্যদের বিরোধ চলে আসছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকাবাসী কয়েকবার এই নিয়ে সালিস বৈঠক করলেও মিমাংসা হয় নি। এই বিরোধের জের ধরে গত রোববার দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় বন্দুকের গুলিতে আমির উদ্দিন নামে একজন নিহত এবং গুলিবিদ্ধ হয়ে ১৩ জন আহতসহ উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। আজ মঙ্গলবার গ্রামের এলাইছ মিয়া নামের গুলিবিদ্ধ আরও একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এঘটনার পর পরই গত রোববার ফারুক মিয়া নামের একজনকে বন্দুকসহ আটক করে আদালতে সোপর্দ করা হয়।


