পৌরসভায় চলছে ১৬ কোটি টাকার উন্নয়নমূলক কাজ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌর শহরে প্রায় ১৬ কোটি টাকার রাস্তা, ড্রেন সংস্কার উন্নয়নমূলক কাছ শুরু হয়েছে। এসব উন্নয়নমূলক কাজের জন্য নাগরিকদের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে আগামী ৬ মাসের মধ্যে চলমান কাজ শেষ হলে জনগণ উপকৃত হবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জানা যায়, রাস্তা সংস্কার, ড্রেন সংস্কারকরণের জন্য পৌর শহরের ভেতরে প্রায় ১৬ কোটি টাকার কাজ চলছে। এসব কাজ শেষ হলে পৌর শহরে বর্ষায় জলাবদ্ধতা তৈরি হবে না। সড়ক নিয়ে দুর্ভোগে পড়তে হবে না। উন্নয়ন কাজগুলোর মধ্যে রয়েছে ৪ নং ওয়ার্ডের জেলা স্টেডিয়াম রোড। এই সড়কের একাধিকবার জনগণের দুর্ভোগের কথা উল্লেখ করে সংবাদপত্রে ছাপা হয়েছে। বর্তমানে স্টেডিয়াম রোডের কাজ চলমান রয়েছে। সঙ্গে ড্রেনের কাজও চলমান রয়েছে। সংস্কার কাজটি গিয়ে শেষ হবে ডিসি বাংলোর সামনে। বর্তমানে এদিকে যান চলাচল বন্ধ রয়েছে। হাসননগর থেকে শান্তিবাগ সংযুক্ত সড়ক হচ্ছে। ৫নং ওয়ার্ডের হাজিপাড়ার কালভার্টের সংস্কার কাজ চলছে। জামাইপাড়ার সড়ক ও ড্রেনের সংস্কার কাজ চলমান রয়েছে। এরপর কালীবাড়ি সড়কের কাজ শুরু হবে।
এছাড়াও ওয়েজখালীতে আরসিসি ড্রেন, কালীপুরের সড়ক, বাঁধনপাড়া থেকে হাসননগর মেইন রোড ও ড্রেন, নতুনপাড়ার মেইন রোড, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ রোডের ড্রেন, মিশনারি ড্রেন সহ ৩১ টি টেন্ডারের কাজ আগামী ৬ মাসের ভেতর শেষ হবে। ইতিমধ্যে ৫ টি টেন্ডারের কাজ শেষ হয়েছে।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন বলেন, পৌর শহরের উন্নয়নের জন্য প্রথম অবস্থায় আমরা ১৬ কোটি টাকার কাজ শুরু করেছি। এই কাজগুলো আগামী ৬ মাসের মধ্যে শেষ হবে। এতে শহরের সড়ক ও ড্রেনেজ সমস্যার সমাধান হবে।