স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ঢেকে রাখা কালো কাপড় বঙ্গবন্ধু’র জন্মদিনের জন্য তুলে দিয়েছেন মুক্তিযোদ্ধারা। সোমবার সন্ধ্যায় এই কালো কাপড় সরানো হয়। সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের অস্তিত্ব অস্বীকার করে মামলা প্রত্যাহার, শহীদ মিনারের ভূমিতে বাণিজ্যিক মার্কেট অপসারণ ও শহীদ মিনার এলাকায় ইনজাংশন তুলে নেওয়াসহ ছয়দফা দাবিতে সুনামগঞ্জ শহীদ মিনার কালো কাপড়ে ঢেকে দেওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে একদিনের
জন্য কালো কাপড় সরিয়েছেন মুক্তিযোদ্ধারা। আগামী ১৮ মার্চ থেকে আবারও শহীদ মিনার কালোকাপড়ে ঢেকে দেওয়া হবে বলেও জানিয়েছেন তাঁরা।
গত ৮ মার্চ জেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধারা সুনামগঞ্জ শহরে প্রতিবাদ কর্মসূচি পালন করে শহীদ মিনারের ভূমি উদ্ধার ও শহীদ মিনার নিয়ে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে কর্মসূচি পালনের পর শহীদ মিনারে এসে অবস্থান কর্মসূচি পালন করে কালোকাপড়ে ঢেকে দিয়েছিলেন তাঁরা। ওইদিন মুক্তিযোদ্ধারা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রবেশ করে প্রধানমন্ত্রী ও বিচারপতি বরাবর একই দাবিতে স্মারকলিপিও প্রদান করেছিলেন।
সোমবার কালোকাপড় সরানোর সময় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার নূরুল মোমেন, সাবেক ডেপুটি কমা-ার আবু সুফিয়ান, সদর উপজেলার সাবেক কমা-ার আব্দুল মজিদ, মুক্তিযোদ্ধা বিনোদ রঞ্জন তালুকদার, মুক্তিযোদ্ধা হাসনু মিয়া, মুক্তিযোদ্ধা রেনু মিয়া, মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, মুক্তিযোদ্ধা শাহীন চৌধুরী, মুক্তিযোদ্ধা জহির মিয়া, মুক্তিযোদ্ধা জয়নাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।


