তাহিরপুরে যুবলীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার বালিজুড়ি ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিনের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় বালিজুড়ি ইউনিয়ন যুবলীগের ব্যানারে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টায় বালিজুড়ি ইউনিয়নের দক্ষিণকূল ব্রীজের উপর পূর্ব শত্রুতার জের ধরে দক্ষিণকূল গ্রামের দিল মুহাম্মদ, জাকারিয়া, কিবরিয়া ও জুয়েলের নেতৃত্বে একদল যুবক এলোপাতাড়িভাবে মারপিট করে গুরুতর আহত করে জিয়া উদ্দিনকে। গুরুতর আহত জিয়া উদ্দিনকে আনোয়ারপুর বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় বালিজুড়ি ইউনিয়ন যুবলীগের ব্যানারে একটি প্রতিবাদ মিছিল আনোয়ারপুর বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বালিজুড়ি ইউনিয়ন যুবলীগ নেতা মানিক মিয়া, হিমেল মিয়া, বালিজুড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, সাবেক ইউপি সদস্য নুর আহমদ, ছাত্রলীগ নেতা জাকারীন আলম, হিরণ মিয়া, মিশু মিয়া প্রমুখ।