জগন্নাথপুরে আট দোকানিকে অর্থদণ্ড

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৮ জন দোনিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সৈয়দপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত এই অর্থদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে উপজেলার সৈয়দপুর বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সৈয়দপুর বাজারের কসমেটিকস, সু’জ, কাপড়, ক্রোকারিজসহ বিভিন্ন দোকান খোলা রাখায় এবং রাশিদ শপিং কমপ্লেক্সে জনসমাগম সৃষ্টি করায় আট ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে মোট ১১ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়। এসময় মাস্কহীন লোকজনের মধ্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত বলেন, বাজারের প্রায় ৯০ ভাগ দোকানপাট খোলা রেখে কেনাবেচা চলছিল। ৮টি ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় এবং একটি মার্কেটে জনসমাগম সৃষ্টি করায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী মোট ১১ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।