বিধবা কৃষাণীর ধান কেটে দিলো ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার
৪ মেয়ে আর ১০ বছরের এক ছেলে নিয়ে বহু কষ্টে ৪৫ শতক জমিতে ধানের চাষ করেছেন বিধবা নুরেজা আক্তার। করোনা দুর্যোগ এই কষ্ট আরো বহুগুণ বাড়িয়েছে। তাই টাকার অভাবে এই জমির পাকা ধান কর্তন করতে পারছিলেন না। এ সংবাদ পেয়ে এগিয়ে আসেন স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ বুধবার ভোর থেকে তার জমির ধান কাটা শুরু করেছেন তারা।
নুরেজা আক্তার জেলার মধ্যনগর থানার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের মেঘালয় সীমান্ত সংলগ্ন বংশীকুন্ডা গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়নের লুঙ্গার হাওরের জমিতে ধানের চাষ করেছেন।
গ্রামের বাসিন্দা এবং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাসেল আহমেদ বলেন, বোরো ধান কাটা সত্যিই কঠিন কাজ। স্থানীয় থানা ছাত্রলীগের নেতা কর্মীরা একজন অসহায় কৃষাণী নারীর ধান কেটে সেই অসাধ্য কাজটাই করে দেখিয়েছেন।
ধান কাটায় নেতৃত্বে থাকা বাংলাদেশ ছাত্রলীগ. মধ্যনগর থানা শাখার যুগ্ম আহবায়ক জহির রায়হান ও নিউটন সরকার বরেন, জেলা ছাত্রলীগের উৎসাহ ও দিক নির্দেশনায় আমরা দরিদ্র কৃষক পরিবারের ধান কেটে দেয়ার চেষ্টা করছি।
নুরেজা আক্তার বলেন, আমার জমির ধান অন্যর ছেলেরা কেটে দিবে প্রথমে আমি বিশ্বাস করতে পারিনি। ওরা আমার ছেলে, আল্লাহর কাছে ওদের সুস্থতা আর ভালর জন্য দোয়া করছি।