স্বামী হৃদয়ানন্দ মহারাজ (লালন)
শাস্ত্রে উল্লেখ্য যে, মনুষ্যকুলের ছয়মাস দেবতাদের এক দিন। ঘন্টার হিসেবে ১২ ঘন্টা বাকী, ছয়মাস দেবতাদের ১ রাত্রি। ঘন্টার হিসেবে ১২ ঘন্টা অর্থাৎ দেবতাদের দিনে রাতে ২৪ ঘন্টায় মনুষ্যকুলের ১ বছর / ১২ মাস এর মধ্যে উত্তরায়নপর্ব দেবতাদের দিন। দক্ষিনায়নপর্ব রাত। তাই দেবতাদের উত্তরায়ন পর্বে যাগ-যজ্ঞদির উৎকৃষ্ট সময়। কারণ এসময় দেবতারা জাগ্রত থাকেন। কিন্তু শ্রীরামচন্দ্র রাবনকে বধ করবার জন্য মহামায়ার কৃপা লাভের উদ্দেশ্যে দেবীর অকাল বোধন করেছিলেন।
বোধন শব্দের শাব্দিক অর্থ বোধসম্পাদন করা অর্থাৎ জাগ্রত করা। ঋতুর গণনায় শরত কাল থেকে দক্ষিণায়ন ও বসন্তকাল থেকে উত্তরায়ণ। উত্তরায়ণে দেবীর পূজাতে বাসন্তী পূজা ও শরৎকালে দক্ষিনায়ণে দেবীর পূজাকে শারদীয় দুর্গা পূজা বলা হয়। অসময়ে বা অকালে (রাত্রিতে) দেবীর আরাধনা করা হয় বলে শরৎকালীন দুর্গাপূজাকে বলা হয় অকালবোধন। এই অকালবোধন বিল্ববৃক্ষে করা হয়। বিল্ববৃক্ষ দেবীর খুব প্রিয়। বিল্ববৃক্ষে প্রণামমন্ত্রে বলা হয়েছে “মহাদেব প্রিয়কর বাসু দেব প্রিয় সদা উমাপ্রীতি করো যম্মাদ্বিল্ববৃক্ষ নমোস্ততে ॥”
পুরান ও
তন্ত্রশাস্ত্রে ও বিল্ববৃক্ষের নানা প্রকার মহিমা বর্ণিত আছে। প্রাচীন কালে ঋষিরা দুটি অরণী কাষ্ঠের ঘর্ষণের দ্বারা অগ্নি প্রজ্বলন করে যজ্ঞ নিস্পন্ন করতেন। যজ্ঞ কাষ্ঠের মধ্যে বিল্ব কাষ্ঠ অন্যতম। একমতে অরণী কাঠের অগ্নি প্রজ্জ্বলনই বোধন। কল্পনা করা হয়, অগ্নিবর্ণা দুর্গা বিল্ববৃক্ষে নিদ্রিতা। তাকে তপস্যা দ্বারা জাগিয়ে সাধক তার কাংখিত ফল লাভ করবেন- এজনই বোধন। দেবী পুরাণে দুর্গা পূজাকে অশ্বমেধ যজ্ঞের সাথে তুলনা করা হয়েছে। “অশ্বমেধ অবাপ্নতি ভক্তিনা সুরসত্তমা মহা নবম্যিয়াম পূজয়েয়ম সর্বকাম প্রদায়িকা ॥”
যোগিনী তন্ত্রে শিব পার্বতীকে বলছেন- “অতস্তম বিল্ববৃক্ষমাশ্রিত্ব তিষ্ঠামীচ দিবানীসম সর্বোতীর্থ।
ময়ো দেবী সর্ব দেব ময়া সদা শ্রী বৃক্ষস্ব: পরমেশ্বানী এতএব ন সংশয়:”
সরলার্থ: বিল্ববৃক্ষকে আশ্রয় করে আমি দিবানিশী অবস্থান করব। এই বিল্ববৃক্ষ সর্বোতীর্থময় এবং সর্বদেবোময়। এ বিষয়ে সংশয় নেই।
রাম যেমন অসুর রাবনকে বধ করার জন্য মহামায়ার আশ্রয় গ্রহণ করেছিলেন তেমনি সকলের মনের অসুর প্রবৃত্তির বিনাশ হোক, মায়ের কাছে এই প্রার্থনা জানাই তিনি যেন আমাদের অন্তরের আসুরিক শক্তির বিনাশ করে শুভ শক্তির উদ্বোধন করেন।
কালিকাপুরাণে দেবীর বোধনমন্ত্রে বলা হচ্ছে “শ্রীবৃক্ষে বোধয়ামি ত্বাং যাবৎ পুজাং করোম্যহম্” অর্থাৎ শ্রীবৃক্ষে (বিল্ববৃক্ষ) দেবীরই বোধন ও পূজা করছি। সুতরাং অসময়ের দেবীর এই বোধন যেন শুভ অশুভের দ্বন্দ্বে দেবীর মহাশক্তিরই জাগরণ। তাই মহালয়ার আগমনী গানে উচ্চারিত হচ্ছে “জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী, অশুভ শক্তি বল প্রদায়িনী তুমি জাগো”।
পরিশেষে, বলা যায় প্রকৃতপক্ষে বোধন হচ্ছে আমাদের মনের দৈবী প্রকৃতির উদ্বোধন বা জাগরণ ঘটানো।
যা দেবী সর্বভূতেষু চেতনেত্যভিধীয়তে।
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ ॥ শ্রীশ্রী চন্ডী ৫-১৭/১৮/১৯
অর্থাৎ, যে দেবী সর্বপ্রাণীতে চেতনারূপে অবস্থিতা তাঁকে পুন: পুন: নমস্কার।
লেখক: আশ্রম প্রদান, রামকৃষ্ণ মিশন, সুনামগঞ্জ।


