শ্বাশত ঐ
রোকেস লেইস
মেঘের যে পথ অবারিত
সাত আকাশের অসীম সীমায়
বল্গাহারা, সেই মেঘেদের
চলার পথে পাথর কাঁকড়
লাল ধবল আর কাজল বরণ
মাটির পরত হয় যে প্রাচীর,
দাঁড়ায় বুঝি থামিয়ে দিতে
মেঘের চলন, মেঘ কী থামে!
কী এক অপার অসম্ভবের
উৎস হয়ে মেঘ ভেসে রয়
মেঘ ভেসে রয় নিরবধি
উর্দ্ধ অধ: আকাশ জুড়ে,
চিরকালীন সৃষ্টি সুখে
বিজলী হেনে বৃষ্টি নামায়;
আদিমতার গহীন হতে
শ্বাশত ঐ মেঘের উড়াল।
১০০৭১৬

উৎসব
কুমার সৌরভ
আকাশটি কাঁদছে খুব
তাই সকালের মন খারাপ
পাড়া বেড়ানোর ইচ্ছে ছেড়ে
কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে
শিউলী চমেলী ও নীলপদ্ম।
ওদিকে গাছের মগডালে বসে
একটি দোয়েল পাখি ডাকছে-
‘আয় বেরিয়ে আয় তোরা সব
ধুম পড়েছে বারোয়ারি ম-পে
হাসি উল্লাস হুল্লোর প্রার্থনায়’।
শিউলী চামেলী নীলপদ্ম
নেমে আসে রাস্তায়
বৃষ্টি বলে- ভালই হলো
তোদের পাঁপড়িতে মিশে
আমিও উৎসবে শামিল হবো।
সকালের মন খারাপ উধাও হলো
দোয়েল উড়ছে বৃষ্টির আকাশে
জলের ফোটা ফুলের গায়ে চড়ে
করপুটে অঞ্জলীর খুশী নিয়ে
সুরভীর ঝর্ণা বানায়।
এইসব সাথে নিয়ে
শরতের বাংলা ভাসে
তাহাদের আনন্দে।



