সঞ্জিব রয়
পঞ্জিকা মতে এবার মা দুর্গা এসেছেন ঘোড়ায়, যাবেনও ঘোড়ায়। অন্য কোন ট্রানজিট আর নিচ্ছেন না তিনি। তাছাড়া মা দুর্গার বিশাল বহর, এত এত লাগেজ, এর জন্যে ঘোড়া বেশ নিরাপদ। অবশ্য মায়ের আসা ও যাওয়া বরাবর নিরাপদেই হয়ে থাকে। যত বিপত্তি মাঝ খানের কয়েকটা দিন। আমাদের মাঝে তিনি খুব একটা নিরাপদ নন। যেমন এক মন্দিরে মায়ের মাথায় আক্রমণ তো আরেক জায়গায় গনেশদার দাত ভাংগা। এজাতীয় খবর মিডিয়া মারফত আমরা হর হামেসাই পেয়ে থাকি। অবশ্য এ সবই হয় এখনকার বংগ দেশে। আমরা সোচ্চার হই,নিন্দা জানাই, পরে ব্যস্ততায় আবার সবই ভুলে যাই। প্রবাসে পূজা মাথায় রেখে কয়েকটা দিনের জন্য অবসর আসে। অবশ্য ফেলে আসা দিনগুলো ছিল ভিন্ন।
শরতের শুরুতে আকাশে সাদা মেঘের ভেলা,আর কাশ বনের দোলার মধ্য দিয়ে শুরু হত পূজার প্রস্ততি পর্ব। বাঙালীর জীবন ধারায় একটি মাত্র ভোর হয় অন্য রকম, যার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখা হয়। রেডিওর নব ঘুরিয়ে রাখা হয় আকাশ বাণী কলকাতায়। আসে প্রতীক্ষার সেই অন্যরকম ভোর “মহালয়া “বাজলো তোমার আলোর বেণু। বীরেন্দ্র কিশোর ভদ্রের কন্ঠ আর পংকজ কুমার মল্লিকের সংগীত পরিচালনা এখনো চির নতুন। পিতৃপক্ষের শেষ আর দেবী পক্ষের সূচনা। ছবি হয়ে যাওয়া মা আর বাবার ফ্রেমে আটকানো তাজা ফুলের মালা, দিনে দিনে কাগজের মালায় রুপান্তরিত হওয়া, পূর্ব পুরুষদের তর্পনের মধ্য দিয়ে আমরা তাদের স্মরণ করি, এই বিশেষ দিনটিতে।
মহামায়ার আগমনে আমাদের ভুলিয়ে রাখে অনেক কিছু থেকে, কয়েকটি দিনের জন্যে আমরা হয়ে উঠি প্রকৃতির প্রেমি। আমার কাছে পুজা মানেই শিউলি ফুলের গন্ধ, শিশির ভেজা সকাল, ঢাকের বাদ্যি, ধূপ আর কর্পূরের গন্ধ আর সার্Ÿজনীনতার বহিঃপ্রকাশ। অবশ্য তখনকার পূজার দিন গুলি ছিল আরও উচ্ছাসের আরও আনন্দের। সারা রাত জেগে পেন্ডেল সাজানো, কাপ কাপ আদার চা, উৎসাহ আরও দ্বিগুন হয়ে যেত আসে পাশের আলো আধারির মধ্যে অনেক হরিণী চোখ আর নির্মল হাসিতে। নচিকেতা যেন ঠিক আমাদের কথা বুঝতে পেরে গেয়ে উঠলেন ‘রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল, মন শুধু সে ক্ষণের প্রতীক্ষায়, রাত্রির আঙিনায়, যদি খোলা জানালায়, এক বার এক বার যদি সে তাকায়”। সবই ছিল অন্যরকম পাগলামি আর আনন্দের মধ্য দিয়ে অদৃশ্য মা কে বরণ করার আয়োজন।
আর যিনি ছিলেন দৃশ্যমান মা, তিনি অপেক্ষায় থাকতেন আমরা কখন ঘরে ফিরব। তখন, কেন যে আমাদের মনে হয় না? যার অপেক্ষায় এই উচ্ছাস এই আনন্দ এই অঘুমা রাত কাটানো তিনি আমাদের সবার ঘরেই আছেন। আমাদের দৃশ্যমান মা। আমার জীবনের ফেলে আসা সেই দিন গুলিতে, মায়ের পাশাপাশি আরেক জন মায়ের প্রক্সি দিত, তার কথা উল্লেখ না করলে অন্যায় হয়ে যায়, সে হল আমাদের বড় বউদি। হেলথ কেয়ার কিংবা কেয়ার গিভার ডিগ্রিধারী না হলেও, উনার পরিচর্যায় আমার ও আমাদের মা কাটিয়ে গেছেন শেষ দিনটি পর্যন্ত।
কানাডায় আসার পরও অনেকগুলি বছর এই সান্তনা ছিল, মা তো আছেন। কথা হত প্রতি সপ্তাহে, কিছু লাগবে জিজ্ঞেস করলে, মা উত্তর দিত “আমার তো সবই আছে। একটা আবদার ছিল, ভারতে তীর্থ করার।
২০১০ এর পূজার সময় মার সাথে কথা বলেছিলাম। নবজাতক আর তার মাকে নিয়ে, একসাথে যাব এমনই পরিকল্পনা ছিল। নভেম্বরের এক সকালে সেজদার ফোন, মা আর নেই। আমি কাঁদতে পারিনি, কেন কান্না আসেনি তা আজো জানি না। তবে রাগ হয়েছিল, প্রচন্ড রাগ, মনে পড়ে ঘরের ভিতর অনেক জিনিশ পত্র ভেংগে ছিলাম। বাচ্চা গর্ভে আমার অবাঙালি বউ বেশ ভয় পেয়েছিল। এ রাগ ছিল আমার অসহায়ত্বের উপর। ডিসেম্বরে জশ আসে।
জশ আমাদের ছেলে, ঠাকুমার হরি। পুরো নাম হরি জশোয়া রয়। সে একদিন হয়ত জানবে তার নামকরণের ইতিহাস।
যাই হউক প্রতিবারের মত জশকে নিয়ে এবারও পূজোতে যাব। শুক্রবার ছিল মহালয়া। গংগার ঘাঠ থেকে শুরু করে মন্দিরে মন্দিরে ছিল পূর্ব পুরুষদের স্মরণ করার দৃশ্য। এই বিশেষ দিনটিতে স্বর্গীয় পিতা মাতা কে স্মরণ করাকে যদি তর্পণ বলা হয়,তবে আমার অসহায়ত্ব,
মায়ের ইচ্ছা পূরণ করতে না পারার অপরাধ বোধ আমাকে একটি দিনের জন্যও ভুলতে দেয় নি, মা ছিলেন। এখন মা নেই। সেদিক থেকে আমার এই বোধটুকুই প্রতিদিনকার তর্পণ। সবার জন্য রইল শারদীয়া শুভেচ্ছা।
লেখক: সঞ্জিব রয়, টরন্টো প্রবাসী


