অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শ্রেণি কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার
পুরাতন জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে (অস্থায়ী ক্যাম্পাস) সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এর শুভ সূচনা করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) আইনুর আক্তার পান্না, নেজারত ডেপুটি কালেক্টর সোহেল রানা, সুইড বাংলাদেশ, এন আই আই ডি এ, বিশেষ শিক্ষা, প্রশিক্ষণ, নির্দেশনা, কারিকুলাম, সচেতনতা এর সিনিয়র এডুকেশনাল সাইকোলজিস্ট মো. আনিছুল হক, ফিজিওথেরাপী প্রশিক্ষক কিসমত আরা (নার্গিস) ও সাইকোলজিষ্ট প্রশিক্ষক ফরিদা ইয়াসমিন, অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের নির্বাচিত শিক্ষকমন্ডলী এবং ২৫জন প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ০১ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান এমপি সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গত ০৫ অক্টোবর, সুনামগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের নির্বাচিত দশজন শিক্ষকের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।