সিলেট এমসি কলেজের ছাত্রী খাদিজাকে চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে চরমভাবে আহত করার ঘটনার মূল অপরাধী বদরুল ছাত্রলীগ কর্মী কিনা সেটি মূল বিবেচ্য বিষয় নয়। আসল কথা হলো সে এক জঘন্য অপরাধী। অপরাধীর রাজনৈতিক পরিচয় অতীতে থাকলেও সেটি যদি তার বিচারের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি না করে তাহলে ওই রাজনৈতিক পরিচয় কখনও মুখ্য হতে পারে না। কিন্তু ঘটনার পর থেকে এ যাবত আমাদের গণমাধ্যমে বিষয়টিকে এমনভাবে ফলাও করে প্রচার করা হচ্ছে যেখানে তার রাজনৈতিক পরিচয়টি মুখ্য হয়ে উঠেছে। বিরোধীদলও এই পরিচয়কে ইস্যু করে নানা কর্মসূচী পালন করছেন। বিরোধী দলের আচরণ দেখে মনে হচ্ছে, বদরুল যদি ছাত্রলীগ কর্মী না হতো তাহলে বোধ করি তার অপরাধের মাত্রা কমে যেত। এদিকে প্রশাসনযন্ত্র বা সরকারের কোন পর্যায়ের কেউ বদরুলের বিচারের বিষয়ে সামান্যতম হস্তক্ষেপ করছেন না। আইন নিজস্ব গতিতে চলমান থেকে বদরুলকে গ্রেফতার করেছে। বদরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। এখানে ছাত্রলীগের পরিচয় বদরুলকে সামান্যতম সুবিধা করে দেয়নি। তাহলে অপরাধী বদরুলকে উপজীব্য করে কেন এই রাজনৈতিক জিকিরবাজী? এর একটি মাত্র অর্থই আমাদের কাছে স্পষ্ট হয় সেটি হলো রাজনৈতিক দেওলিয়াপনা। গণমাধ্যমও বদরুল ইস্যুকে নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিতে পেরেছে বলে আমাদের মনে হয় না। খাদিজার নির্মম হামলার শিকার হওয়া নিঃসন্দেহে মানবিকতার ইতিহাসে একটি কলংকজনক অধ্যায়। কিন্তু আমাদের দেশে কি এরকম ঘটনা এই প্রথম ঘটেছে? এর আগে বহু ব্লগার ও মুক্তচিন্তকদের প্রকাশ্য রাস্তায় কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে একটি নীলনকশার আওতায়। কুমিল্লার নট্যকর্মী সোহাগী জাহান তনু কিংবা ছাত্র ইউনিয়ন কর্মী ফেরদৌস আফসানার নির্মম হত্যাকা- তো এখনও আমাদের স্মৃতিতে তাজা হয়ে আছে। আমাদের সামাজিক পরিবেশটিই আসলে এমন হয়ে গেছে যেখানে দুর্বৃত্তরা চরম অমানবিক ঘটনা ঘটাতে এতটুকু ভাবে না। এই দুর্বৃত্তপনার অন্ধ সময়ে বদরুল যেটি করেছে সেটি শুধু ন্যাক্কারজনকই নয় বরং নৃশংসতায় পৈশাচিকতায় ভরা এক নগ্ন দৃষ্টান্ত। গণমাধ্যম ও সমাজ সচেতনদের দায়িত্ব হলো অপরাধীর বিচার নিশ্চিত করার পাশাপাশি মৃতপুরীর মতো পরিণত হওয়া সামাজিক পরিবেশটির সুস্থতা আনয়ন করাও বটে।
খাদিজাকে যখন কোপানো হচ্ছিল তখন তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। অথচ বেশ কয়েকজন ওই কোপানোর দৃশ্য মোবাইল ফোনে রেকর্ড করতে ব্যস্ত ছিলেন। অতীতেও আমরা এই সামাজিক নপুংসতা দেখেছি। সামাজিক প্রতিরোধের জায়গাটি শক্ত হলে সমাজ থেকে বহু অপরাধপ্রবণতা নির্মূল হয়ে যেত। কিন্তু এক অজানা ভীতি মানুষকে প্রতিবাদী হয়ে উঠতে পিছন টেনে রাখছে। এই যে ভীতিবোধ এটি সমাজে যতদিন থাকবে ততদিন সমাজ দেহ থেকে অন্যায়-অনাচার আর অপরাধ দূর হওয়ার সম্ভাবনা কম। খাদিজার উপর হামলাকারী বদরুলের বিচার বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স বলে সাফ জানিয়ে দিয়েছেন আমাদের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। সরকারের অন্য দায়িত্বশীলরাও এমন বক্তব্যই প্রদান করেছেন। এর মধ্য দিয়ে নৃশংস অপরাধী বদরুলের যথাযথ বিচার নিশ্চিত হবে বলে আমাদের মনে বিশ্বাস জন্মেছে।
এদিকে হামলার শিকার কলেজ ছাত্রী খাদিজার চিকিৎসার দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করেছে। খাদিজার অবস্থা একটু একটু করে ভাল হচ্ছে বলে জানা গেছে। আমরা খাদিজার দ্রুত সুস্থতা এবং বদরুলের চরম শাস্তি কামনা করি। একই সাথে অপরাধী বদরুলকে একজন ছাত্রলীগ কর্মীর গ-িতে আটকে না রেখে তার নৃশংসপনার কুৎসিৎ অপরাধী চরিত্রকে সামনে আনার জন্য সকলের প্রতি অনুরোধ রইলো।

