বিশেষ প্রতিনিধি
করোনার সংক্রমণ রোধে ফেব্রুয়ারির শুরু’র দিকে অনস্পট টিকা গ্রহণকারীরা সনদ পেতে বিলম্ব হচ্ছে। সুনামগঞ্জ সদর উপজেলায় এই সংখ্যা দুই হাজার তিনশ’ এর বেশি। স্বাস্থ্য বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, সারা দেশে এই সংখ্যা ১৪ হাজার প্রায়। এভাবে অনস্পট টিকা গ্রহণকারীরা হজ¦ বা চিকিৎসার জন্য দেশের বাইরে যেতেও সংশ্লিষ্টদের কাছে ধরণা দিতে হচ্ছে। তবে শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলে দাবি করেছেন দায়িত্বশীলরা।
সুনামগঞ্জ শহরের হাছননগরের বাসিন্দা পারভেজ আহমেদ চৌধুরী বললেন, ১০ ফেব্রুয়ারি সুনামগঞ্জ সদর হাসপাতালে টিকা নেবার জন্য গেলে দায়িত্বশীলরা জাতীয় পরিচয়পত্র নিয়ে ফরম পূরণ করে টিকা দিয়েছেন আমাকে। এরপর দ্বিতীয় দফার টিকাও যথারীতি নিয়েছি। এখন টিকা গ্রহণের সনদ পাচ্ছি না। স্বাস্থ্য বিভাগের সঙ্গে বার বার যোগাযোগ করছি, তারাও হয়ে যাবে, দেওয়া হবে বলছেন, কিন্তু বুধবার পর্যন্ত এর কোন সুরাহা হয় নি।
টিআইবি’র সচেতন নাগরিক কমিটি (সনাক)’এর জেলা সভাপতি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু বললেন, অনলাইনে রেজিস্টেশন না করলেও টিকা কেন্দ্রে গেলেই টিকা দেওয়া যাবে বলায় শুরুর দিকে ফেব্রুয়ারিতেই সদর হাসপাতালে গিয়ে টিকা নিয়েছি। এখন টিকা সনদের জন্য ঘুরতে হচ্ছে। যারা অনলাইনে রেজিস্টেশন করে টিকা নিয়েছেন তারা সনদ সহজেই পাচ্ছেন। আমাদের হয়রানির বিষয়টি কর্তৃপক্ষের গুরুত্ব দিয়ে দেখা উচিৎ।
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী বললেন, মাইকে প্রচার দেওয়া হয়েছে জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে টিকা কেন্দ্রে গেলে ওখানে থাকা স্বাস্থ্য বিভাগের কর্মীরাই টিকা গ্রহণের ব্যবস্থা করে দেবেন, আমরা সেভাবেই গিয়েছি, প্রথম ও দ্বিতীয় দফার দুই টিকাই দিয়েছি। এখন টিকা সনদের জন্য ঘুরতে হলে এটি দু:খজনক হবে।
সুনামগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সৌমিত্র চক্রবর্তী অনস্পট টিকা গ্রহণকারীদের ভোগান্তির কথা স্বীকার করে বললেন, ফেব্রুয়ারির ৮ থেকে ১৭ তারিখের মধ্যে সম্ভবত স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সুরক্ষা অ্যাপে অনলাইন রেজিস্টেনের পাশাপাশি হাতে লিখে ফরম পূরণ করে অনস্পট টিকা দেওয়া হয়েছে। সুনামগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল কেন্দ্রে এই সংখ্যা প্রায় দুই হাজার তিন’শ জন। ম্যানেজমেন্ট ইনফরমেসন সিস্টেম (এমআইএস)’এর পক্ষ থেকে পরবর্তীতে যেভাবে বলা হয়েছে সেভাবেই টিকা গ্রহণকারীর ফরম পাঠানো হয়েছে। সুরক্ষা অ্যাপের দায়িত্বশীলরাও কাজ করছেন। টিকা সনদ পাওয়া কেবল সময়ের ব্যাপার। সকলেই সনদ পাবেন। তিনি জানালেন, ফেব্রুয়ারিতে অনস্পট টিকা গ্রহণকারী একব্যক্তি বুধবারও তার কাছে এসেছিলেন। ওই ব্যক্তি ভারতে চিকিৎসার জন্য যাবেন, টিকা সনদ ব্যবস্থা করে দেবার জন্য অনুরোধ করতে আসেন। এভাবে আরও অনেকেই যোগাযোগ করছেন বিদেশ যাবেন টিকা সনদ প্রয়োজন, তারা যাতে ব্যবস্থা করে দেন। তারা সকলকেই বলে দিচ্ছেন রেজিস্টেশন হয়ে গেলে তারা নিজেরাই টিকা সনদ বের করতে পারবেন, বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বললেন, বিষয়টি নিয়ে আমরা স্বাস্থ্য অধিদপ্তরে এবং এমআইএস’এ কথা বলেছি। তারা এ নিয়ে কাজ করছেন। সমস্যার সমাধান হবে।


