অন্তিমশয়ানে বীর মুক্তিযোদ্ধা খসরু

স্টাফ রিপোর্টার
শোক, শ্রদ্ধা, ভালবাসায় সিক্ত হয়ে সুনামগঞ্জ শহরের ষোলঘর কবরস্থানে অন্তিমশয্যায় শায়িত হয়েছেন প্রথিতযশা মুক্তিযোদ্ধা, আইনজীবী, লেখক, মুক্তিযুদ্ধ গবেষক বজলুল মজিদ চৌধুরী খসরু।
বৃহস্পতিবার বাদ জোহর সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ্ এবং ষোলঘর জামে মসজিদে নামাজে জানাজা শেষে ষোলঘর কবরস্থানে দাফন করা হয় তাঁকে। দাফনের আগে তাঁর দীর্ঘদিনের কর্মস্থল জেলা আইনজীবী সমিতি চত্বরে সকাল সাড়ে ১০ টায়, বেলা ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে, সোয়া ১১ টায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে চত্বরে এবং সবশেষে সুনামগঞ্জ পৌরসভা চত্বরে বিদায়ী শ্রদ্ধা জানান সর্বস্তরের নাগরিকরা।
বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু বুধবার বেলা আড়াইটায় হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পর বিকাল ৩ টায় ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি…. রাজিউন)। হাওর বাঁচাওসহ বিভিন্ন সামাজিক আন্দোলনে সক্রিয় এই মুক্তবুদ্ধিজন ১৯৫২ সালের ২ এপ্রিল সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘরে জন্মগ্রহণ করেন। সুনামগঞ্জ সরকারি কলেজের ছাত্র থাকা অবস্থায় তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন তিনি। ‘দৈনিক পূর্ব দেশ’ ও ‘দৈনিক সংবাদ’ এর সুনামগঞ্জ সংবাদদাতা হিসাবে কাজ করেছেন বহুদিন। সুনামগঞ্জ থেকে প্রথম প্রকাশিত পত্রিকা ‘সাপ্তাহিক সুনাম’ তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়। এছাড়াও ‘রক্তাক্ত ৭১ সুনামগঞ্জ’, সহ কয়েকটি বই প্রকাশিত হয়েছে তাঁর। সুনামগঞ্জ জেলার মুক্তিযুদ্ধের উপর তাঁর লেখা বিভিন্ন নিবন্ধ পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।


দীর্ঘ কয়েক বছর সুনামগঞ্জের মুক্তিযুদ্ধের উপর গবেষণার ফসল তাঁর ‘রক্তাক্ত ৭১ সুনামগঞ্জ’ গ্রন্থ।
পেশায় তিনি একজন আইনজীবী ছিলেন। ১৯৯১ সালে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও ২০০০ সালে সভাপতির দায়িত্ব পালন করেন। দোয়ারাবাজার উপজেলার ‘মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল খসরু হাইস্কুল এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। এছাড়াও সেক্টর কমান্ডার ফোরাম- মুক্তিযুদ্ধ ‘৭১ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি, মুক্তিয্দ্ধু চর্চা ও গবেষণা কেন্দ্র সুনামগঞ্জের আহবায়ক ছিলেন। দৈনিক সুনামগঞ্জের খবরের উপদেষ্টা সম্পাদক ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বৃহস্পতিবার সকাল থেকে পৃথক পৃথক স্থানে তাঁকে শেষ শ্রদ্ধা জানায় সুনামগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এবং বিভিন্ন উপজেলা কমান্ড, সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের পক্ষে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতসহ বিশিষ্টজনেরা, জেলা আওয়ামী লীগের সভাপতির পক্ষে পৌর মেয়রসহ দলীয় নেতারা। সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্’র পক্ষে দলীয় নেতারা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলা শাখা, গৌরবের মুক্তিযুদ্ধ সুনামগঞ্জ, আলফাত উদ্দিন আহমদ রিক্সা শ্রমিক ইউনিয়ন স্মৃতি ট্রাস্ট, দক্ষিণ সুনামগঞ্জ হাওর বাঁচাও আন্দোলন, বাংলাদেশ মহিলা পরিষদ, মুক্তি সংগ্রাম স্মৃতি ট্রাস্ট, বাংলাদেশ যুব ও ছাত্র ইউনিয়ন, উদীচী, খেলাঘর, পঙ্কজ দে ও একেএম মহিমের নেতৃত্বে সুনামগঞ্জ প্রেসক্লাব, দৈনিক সুনামগঞ্জের খবর পরিবার, দৈনিক সুনামকণ্ঠ পরিবার, জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী, প্রথমআলো বন্ধুসভা, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল-খসরু হাইস্কুল, বিন্দু তালুকদার ও বোরহান উদ্দিনের নেতৃত্বে সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটি, কমরেড বরুণ রায় স্মৃতি সংসদ, স্পন্দন, বন্ধন ও নৃত্যাঙ্গন, দহন মিউজিক্যাল ক্লাব, একতা ব্রাদার্স, মুক্তিযোদ্ধা যুব কমান্ড, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডনের পক্ষে দলীয় নেতা কর্মীরা, রঙ্গালয় সুনামগঞ্জ, সোনালী সকাল, থিয়েটার সুনামগঞ্জ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, দোয়ারাবাজার উপজেলা কল্যান সমিতি, জেলা ক্রীড়া সংস্থা, প্রয়াত মুক্তিযোদ্ধা কাকন বিবি’র মেয়ে সখিনা বেগমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।


এর আগে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরে জেলা ও বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ শ্রদ্ধা জানায় এবং আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণে শ্রদ্ধা জানায় সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতি, সুনামগঞ্জ আইনজীবী সহকারী সমিতি, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বাদ জোহর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে ষোলঘরস্থ পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শেষে ষোলঘর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
মরহুম বজলুল মজিদ চৌধুরীর নামাজে জানাজায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া এমপি, সাবেক এমপি নজির হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বীরপ্রতীক, সিনিয়র আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আপ্তাব উদ্দিন, সহ-সভাপতি অ্যাড. সফিকুল আলম, সহ-সভাপতি খায়রুল কবির রুমেন, রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আ.ত.ম সালেহ, আবু আলী সাজ্জাদ হোসাইন, অ্যাড. রবিউল লেইস রোকেস, সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলাম ও পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাড. সালেহ আহমদ, জেলা বিএনপির সহ-সভাপতি আ.ত.ম মিসবাহ ও অ্যাড. শেরেনুর আলী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, সদর উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমদ, দ্বীনি সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আলী নুর প্রমুখ।
রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল মোমেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মজিদ প্রমুখ।