অন্য ভাবনা নববর্ষে পান্তা ইলিশ

সুখেন্দু সেন
পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ বিচিত্র অনুসঙ্গে উৎসবে রূপান্তরিত হয়ে উঠা বাঙালি সংস্কৃতির সাম্প্রতিক সংযোজন। এ উৎসব লোকজ ঐতিহ্যের নগরায়ন ঘটিয়েছে, তা ঠিক। কর্পোরেট সংশ্লিষ্টতা দিয়েছে নতুন মাত্রা। এনেছে বৈচিত্র্য। গ্রামীণ জীবনধারার নিত্য অনুসঙ্গ মাটির সরা-পাতিল, পাটের ছিক্কা-থলি, বাঁশ-বেতের ঝুঁড়ি, টুকরি শিল্পীত চিত্রিত হয়ে সুড়সুড় করে ঢুকে পড়েছে নগরীর বিত্তশালীদের অট্টালিকায়। শুধু তা’ই নয়, ক্রিস্টাল ব্রোঞ্জের দামি দামি শো-পিসের পাশে স্বাচ্ছন্দ্য অবস্থানও নিতে পেরেছে। কোন কোন অনুসঙ্গ সাগর পাড়ি দিয়ে আন্তর্জাতিকতার পথেও প্রবাহমান। তবে নববর্ষের হুজুগে উড়ে এসে জুড়ে বসা আরেক অপসঙ্গ (?) মহার্ঘ ইলিশ নগরীর ডাইনিং রুম ছেড়ে আসতে পারে না গ্রামের কৃষক বা সাধারণ মানুষের পাতে। সার্বজনীন উৎসব তাই সার্বজনীনতার চরিত্র হারিয়ে হয়ে যায় শ্রেণী বিভক্ত। শহুরে বাঙালির একদিনের গ্রাম কাতরতায় সৌখিন গ্রামুরে হয়ে উঠার বিলাস পান্তা ইলিশে চরিতার্থ করার প্রয়াস ইলিশ ধরার নিষিদ্ধ সময়ে ইলিশ নিধনকেই উৎসাহি করে। তাছাড়া পান্তা ভাতে ইলিশ, এমন বিসদৃশ্য সংমিশ্রণ কোন ভাবেই আমাদের ঐতিহ্যে সংশ্লিষ্ট নয়। তেমনি নববর্ষের সাথে ইলিশের সম্পর্ক কষ্মিনকালেও ছিল বলে মনে হয় না।
নগরদগ্ধ জীবনে যদি একান্তই গ্রাম তৃষ্ণা জেগে উঠে তবে তা মিটাতে হবে গ্রামীণ জীবনাচারের সাথে একাত্মতায়,Ñপরিহাস করে নয়। কৃষক উৎসব করে পান্তা খায় না। প্রয়োজনের তাগিদেই কৃষি নির্ভর গ্রামীণ জীবন ধারায় মিশে থাকা পান্তা-ঐতিহ্যের উত্তরাধিকার। উৎসব অনুষ্ঠানে পান্তা ঐতিহ্যের যথার্থ উপস্থাপনা হোক মরিচ পুড়া, নুন আর পেঁয়াজ সহযোগে। পুরো-দস্তর বাঙালপনা ফলাতে যোগ করা যেতে পারে সুগন্ধি হিদল-সুটকি ভর্ত্তা। পান্তা ইলিশের মাখামাখি বাঙালির ধাতে সইবে না,Ñপেটেও না।