বৃদ্ধির কথা থাকলেও অবকাঠামো উন্নয়ন খাতে ব্যয় কমাচ্ছে দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়। আবার ব্যয়িত এ অর্থের বড় অংশ চলে যাচ্ছে ভবন ভাড়ার মতো অনুৎপাদনশীল খাতে। এর বিপরীতে অবকাঠামো উন্নয়ন, গবেষণা, প্রকাশনা, বই সংগ্রহ ও শিক্ষার্থী অনুপাতে শিক্ষক নিয়োগের মতো শিক্ষার মানোন্নয়নমূলক খাতগুলো থেকে যাচ্ছে অবহেলিত। এমতাবস্থায় এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০১৪ ও ২০১৫ সালের হিসাবে এক বছরের ব্যবধানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়ন বাবদ ব্যয় কমেছে ৯ কোটি টাকা। অথচ সাধারণ নিয়মে ব্যয় বৃদ্ধির কথা ছিল। আবার বেশির ভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যয়ের বড় অংশ যাচ্ছে ভবন ভাড়া দিতে, ফলে তারা অন্যান্য প্রয়োজনীয় খাতে ব্যয় কমিয়ে দিচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, কয়েক দশকে যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেয়া হয়েছে, তাদের মধ্যে কিছু গড়ে উঠেছে শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে। আর এসব বিশ্ববিদ্যালয়ের অধিকাংশেরই যেহেতু স্থায়ী কোনো ক্যাম্পাস নেই, তাই ভবন ভাড়া দিতে বড় অংশ ব্যয় হওয়াটাই স্বাভাবিক। আবার অনেকে মনে করছেন, স্থায়ী ক্যাম্পাসে না যাওয়া অবকাঠামো ব্যয় কমে যাওয়ার অন্যতম কারণ। ইউজিসি সূত্র অনুযায়ী, বর্তমানে দেশে ৮০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে আইন অনুযায়ী নির্ধারিত পরিমাণ জমিতে নিজস্ব ক্যাম্পাসে পুরোপুরি শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে মাত্র ১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ইউজিসি’কে এ বিষয়ে কঠোর হওয়ার প্রয়োজন রয়েছে। সব বেসরকারি বিশ্ববিদ্যালয় যেন আইন অনুযায়ী নিজস্ব ক্যাম্পাস প্রতিষ্ঠা করে, তা নিশ্চিত করতে হবে। যেসব বিশ্ববিদ্যালয় আইন মানবে না, প্রয়োজনে সেগুলো বন্ধ করে দেয়ার মতো কঠোর পদক্ষেপও নেয়া যেতে পারে। খন্ডকালীন শিক্ষক বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আরেকটি বড় ব্যয়ের খাত। খন্ডকালীন শিক্ষক বেশি হওয়ার কারণেও ব্যয় বাড়ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষকনির্ভরতা বাড়ছে, যা শিক্ষার মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইউজিসি’কে এদিকটির প্রতিও নজর দিতে হবে। শিক্ষার মান নিশ্চিতে লাইব্রেরি উন্নয়ন, গবেষণা ও বই কেনার মতো উৎপাদনশীল খাতে ব্যয়ের বিকল্প নেই। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যেন এ খাতগুলোর ব্যয় করতে অনিচ্ছুক।
এদিকে বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন নিয়মিত ইউজিসিতে জমা দিচ্ছে না। অথচ প্রতি শিক্ষাবর্ষের আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা রয়েছে সরকারের। যেসব বিশ্ববিদ্যালয় আয়-ব্যয়ের হিসাব নিয়মিত হালনাগাদ করবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পিছপা হওয়া যাবে না। ইউজিসি এ ব্যাপারে কঠোর হলে বিশ্ববিদ্যালয়গুলোর আয়-ব্যয়ের হিসাবে স্বচ্ছতা আসবে, যাতে লাভবান হবেন শিক্ষার্থীরা।
স্থায়ী ক্যাম্পাস ও শিক্ষকের সংখ্যা বাড়ালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর এ বাবদ খরচ কমবে। তখন তারা শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় খাতগুলোর ওপর ব্যয় বাড়াতে পারবে। তাই কর্তৃপক্ষের উচিত হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এগুলো নিশ্চিতে বাধ্য করা। আমরা আশা করব, ইউজিসি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

