বিন্দু তালুকদার
‘শিক্ষকদের কোন দোষ নেই তারা যথেষ্ট ভাল পাঠদান দেন, কিন্তু এখানে শিক্ষার কোন পরিবেশেই নেই। শিশুরা নোংরা ও ময়লা পরিবেশে গাদাগাদি করে নিচে বসে ক্লাশ করে। এতে বাচ্চাদের যে কোন সময় অসুস্থ হওয়ার সম্ভাবনা খুব বেশী। ছাত্র-ছাত্রী বাড়ছে তবে ক্লাসরুম বড় হয় না। এই পরিবেশে লেখাপড়া হয় না।’
জেলা শিশু একাডেমীতে শিশুদের শিক্ষার পরিবেশ নিয়ে এভাইে কথাগুলি বলছিলেন চিত্রাংকন শাখার শিশু শিক্ষার্থী তাসনিয়া মুনতাহা তানিয়ার মা মাসুদা ইয়াসমিন। শুধু মাসুদা ইয়াসমিনই নন শিশু একাডেমির অনেক শিক্ষার্থীর অভিভাবক জানালেন নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিরাপদ একটি বাড়িতে শিশু একাডেমীর কার্যক্রম চলছে বহু দিন ধরে।
জানা যায়, শিশুদের প্রতিভা বিকাশ, শিশু শিক্ষার উন্নয়নসহ শিশুদের সার্বিক মেধা বিকাশের লক্ষ্য নিয়ে ১৯৯৪ সালে সুনামগঞ্জে প্রতিষ্ঠিত হয় জেলা শিশু একাডেমী। সরকারের অন্যতম একটি প্রতিষ্ঠানটি শুরু থেকেই জোড়াতালি দিয়ে চলছে। জনবল ও অবকাঠামো সংকটের মধ্য দিয়ে পার হয়েছে গত ২২ বছর।
শিশু শিক্ষায় সরকারি অন্যতম একটি প্রতিষ্ঠান হলেও একটি জনাকির্ণ আবাসিক এলাকার ভাড়া বাড়িতে চলছে এর সকল কার্যক্রম। নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে ও অনিরাপদ একটি বাড়িতে চলছে শিশুদের শিশু বিকাশের পাঠদান, চিত্রাংকন, নৃত্য, কম্পিউটার প্রশিক্ষণ ও সংগীত শিক্ষার ক্লাস। বেশ কয়েকবার নতুন ভবন হওয়ার সরকারি উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত বাস্তবায়ন হয় নি। ফলে সরকারের কাঙ্খিত লক্ষ্য অর্জন হওয়ার সম্ভব নয় বলে মন্তব্য করছেন শিশুর অভিভাবকেরা।
জেলা শিশু একাডেমীতে একজন শিশু বিষয়ক কর্মকর্তা, একজন লাইব্রেরিয়ান, একজন অফিস সহকারি কাম ডাটা এন্ট্রি অপারেটর, একজন অফিস সহায়ক ও একজন নৈশ প্রহরী থাকার কথা থাকলেও দীর্ঘদিন ধরে শিশু বিষয়ক কর্মকর্তার পদটি শূন্য রয়েছে। লাইব্রেরিয়ান অতিরিক্ত শিশু বিয়ষক কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। অফিস সহকারি কাম ডাটা এন্ট্রি অপারেটর, একজন অফিস সহায়ক থাকলেও শুরু থেকেই নৈশ প্রহরী নেই। বর্তমানে মাস্টাররোলের মাধ্যমে একজন নৈশ প্রহরী রাখা হয়েছে।
একাডেমীতে চিত্রাংকন, সংগীত, নৃত্য, শিশু বিকাশ ও কম্পিউটার প্রশিক্ষণ শাখা চালু রয়েছে। ৬ বছর বয়স থেকে ১৮ বছরের নিচের শিশুরা এসব শাখায় ভর্তির জন্য আবেদন করতে পারে। চিত্রাংকন ও সংগীত শাখায় ১ম ,২য় ও ৩য় বর্ষ, নৃত্যে ১ম ও ২য় বর্ষ চালু রয়েছে। শিশু বিকাশে দু’টি শাখা ও ৬ মাস ব্যাপি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালু রয়েছে। শিশু বিকাশ ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্স ফি ৭০০ টাকা, অন্য সব শাখায় ভর্তিফিস, বেতনসহ প্রতি বর্ষে কোর্স ফি ৭০০ টাকা। ৫টি শাখায় মোট ১১৪ জন শিশু শিক্ষার্থী রয়েছে। চিত্রাংকনে ১ জন, সংগীতে ১ জন, নৃত্যে ১জন, তবলা সহযোগি ২জন, কম্পিউটার প্রশিক্ষণে ১জন ও শিশু বিকাশ শাখায় ২জনসহ মোট ৮জন প্রশিক্ষক দায়িত্ব পালন করছেন।
প্রশিক্ষকরা ন্যুনতম সম্মানীর বিনিময়ে পাঠদান করছেন এই একাডেমীতে। একাধারে দীর্ঘদিন দায়িত্ব পালন করলেও চাকুরি স্থায়ীকরণ হয়নি কারোর। একটি পাড়ার গলির ভেতরে শিশু একাডেমীর অবস্থান হওয়ায় এর কার্যক্রম সম্পর্কে অবগত নন শহরের অনেকেই।
শিশু হামিমের বাবা মহিউদ্দিন বলেন,‘ শিশু একাডেমীর শিক্ষার মান ভাল তা জেনে এখানে আমার বাচ্চাকে ভর্তি করেছি। কিন্তু এই একাডেমীর শিক্ষার পরিবেশ মোটেও ভাল নয়। ছোট একটি রুমের ভেতর অনেক বাচ্চা একসাথে বসে ক্লাস করে। বাসার চারদিকে ময়লা-আবর্জনায় ভর্তি।’
একাডেমীর চিত্রাংকন শাখার প্রশিক্ষক দীপেন্দ্র নারায়ন চৌধুরী স্বপন বলেন,‘একাডেমীর ক্লাসরুম অত্যন্ত ছোট, তাই শিশুদের বসতে কষ্ট হয়। শিক্ষার পরিবেশ আরো ভাল হলে এখানে প্রচুর ছাত্র-ছাত্রী আসত। গত ২২ বছর ধরে খুব সামান্য বেতনে এখানে প্রতি সপ্তাহে তিনদিন ক্লাস করি। এখনও চাকুরি স্থায়ীকরণ হয়নি। এখন প্রতি দিন ১শ’ টাকা করে দেয়া হয়। আগে আরো কম টাকা দেয়া হত। শুধু শিশুদের মায়ায় এখানে আছি। ’
জেলা শিশু একাডেমীর অফিস সহকারি কাম ডাটা এন্ট্রি অপারেটর প্রবোধ কুমার দাস বলেন,‘ শিক্ষার পরিবেশ ভাল হলে এখানে আরো ছাত্র-ছাত্রী আসবে। উপযুক্ত পরিবেশ না হওয়ায় মেয়ে শিশুরা এখানে আসতে চায় না।’ তিনি আরো বলেন,‘আধুনিক নতুন ভবন নির্মাণের জন্য বেশ কয়েকবার ঢাকা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে চিঠি আসলেও জায়গার অভাবে নতুন ভবন নির্মাণ হচ্ছে না। নতুন ভবন নির্মাণ হলে অফিসসহ সকল সমস্যার সমাধান হতো।’
জেলা শিশু একাডেমীর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন বলেন,‘সুনামগঞ্জ জেলা শিশু একাডেমীর নিজস্ব ভবনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। জেলা প্রশাসক মহোদয় বিষয়টি অবগত আছেন। আমাদের অবকাঠামো সংকট দীর্ঘদিনের। নানা সমস্যার মাঝেও আমরা শিশুদের প্রতিভা বিকাশে নিয়মিত পাঠদান দিচ্ছি। শিক্ষকরা আন্তরকিতার সাথে শিশুদের নিজের সন্তানের মত করে শিক্ষাদান করছেন। আমাদের আশা খুব শিগরিরই ভাড়া বাড়ি ছেড়ে সরকারি কোন স্থাপনায় ভালো পরিবেশে চলে যেতে পারব। ’


