এনামুল হক এনি, ধর্মপাশা
বিকল্প আর্থিক কর্মসংস্থান ও বাড়তি আয়ের উৎস হিসেবে ধর্মপাশায় বাঁশের শলার তৈরি চাঁই (মাছ ধরার ফাঁদ) দিনদিন জনপ্রিয় হয়ে উঠেছে। স্থানীয়ভাবে এটি বাইড় নামে পরিচিত। পুরো বর্ষায় হাওর পাড়ের মানুষজন যখন ঘরে বসে দিন কাটায় তখন অবসর সময়কে কাজে লাগিয়ে এসব বাইড় তৈরি করে স্থানীয় বাজারে বিক্রি করেন অনেকে। এতে এ উপজেলার কয়েকটি গ্রামের দুই শতাধিক পরিবারের আর্থিক অভাব মোচন হচ্ছে। তবে উৎপাদন কাজে জড়িত ব্যক্তিদের যদি সরকারি সহযোগিতা দেওয়া হয় তাহলে এ গ্রামীণ শিল্পটি দিনদিন আরো জনপ্রিয় হয়ে উঠতে পারে।
এলাকায় জনশ্রুতি রয়েছে, প্রায় ৪০ বছর আগে ভৈরব ও আশুগঞ্জ থেকে স্থানীয় জেলেরা মাছ ধরার জন্য বাইড় কিনে নিয়ে আসতেন। তখন উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মৃত মনতাজ আলী ও ফারহাজ মিয়াসহ আরো অনেকেই এসব বাইড় দেখে দেখে তৈরি করতে শিখেন এবং তা তৈরির কাজ শুরু করেন। পরবর্তীতে মাছ ধরার কাজে ও বিকল্প কর্মসংস্থান হিসেবে এর জনপ্রিয়তা বাড়তে থাকলে কান্দাপাড়াসহ রাধানগর, রাজধরপুর, নোয়াগাঁও, মহদিপুরসহ বিভিন্ন গ্রামে বাইড় বা চাঁই তৈরির কাজ শুরু হয়। বর্তমানে এসব গ্রামের প্রায় দুই শতাধিক পরিবার দক্ষতার সাথে এ কাজ করে বাড়তি আয় করে সংসার চালাচ্ছেন।
চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ মাসে এসব চাঁইয়ের ব্যাপক চাহিদা থাকে। এ সময় জেলেরা এসব বাইড় বা চাঁই সংগ্রহ করে মাছ ধরার কাজে ব্যবহার করেন। ছোট আকারের ২০/২৫টি বাইড় তৈরি করতে দুজন লোকের প্রায় সপ্তাহখানেক সময় লাগে। ছোট আকারের একটি বাইড় ২০ টাকায় বিক্রি হয়। তবে একটি বাইড় তৈরিতে খরচ পড়ে ১০ টাকার উপরে। বড় বাইড় তৈরিতে খরচ যেমন বেশি তেমনি দামও বেশি পড়ে।
সাধারণত কৃষি কাজের সাথে জড়িত ও দরিদ্র পরিবারের লোকজন অন্য পেশার পাশাপাশি বাইড় বা চাঁই তৈরি করে সংসারের বিভিন্ন চাহিদা মেটাচ্ছেন। এ অঞ্চলে তৈরি বাইড়গুলো স্থানীয় বাজারে বিক্রি হয়। এছাড়াও পার্শ্ববর্তী তাহিরপুর, জামালগঞ্জ, দিরাই, শাল্লা, আটপাড়া, খালিয়াজুড়ি, মদন, মোহনগঞ্জ, বারহাট্টার ক্রেতারাও এখান থেকে বাইড় সংগ্রহ করে থাকেন।
বৃহস্পতিবার ধর্মপাশা বাজারে বাইড় বিক্রি করতে আসা রাধানগর গ্রামের কৃষক ফারাজ মিয়া জানান, তিনি ২০ বছরেরও বেশি সময় ধরে বাইড় তৈরি করে কৃষি কাজের পাশাপাশি সংসারে বাড়তি অর্থ যোগান দিচ্ছেন। তাঁর এ কাজে পরিবারের অন্য সদস্যরাও তাঁকে সহযোগিতা করেন। শুধুমাত্র কৃষি কাজ করে সংসার চালাতে হিমশিম খান তিনি। তাই অবসর সময়ে এ কাজ করে বাড়তি রোজগার করছেন তিনি।
দেওলা গ্রামের আরেক বিক্রেতা আয়নাল হক জানান, এ কাজে আয়ের চেয়ে কষ্ট বেশি। চৈত্র-বৈশাখ মাসে তিনি বাঁশের শলা তৈরি করে রেখেছিলেন। এখন শুধু সুতা দিয়ে বেঁধে তা তৈরি করে বাজারে বিক্রি করছেন। আয়নাল হক আরো জানান, তিনিও কৃষি কাজের সাথে জড়িত।
রাধানগর গ্রামের লিয়াকত আলী জানান, তিনি প্রায় ২৫ বছর ধরে বাইড় তৈরি করে বিক্রি করেছেন। যখন হাওরে পানি কমতে থাকে তখন এর চাহিদা বাড়তে থাকে। দূর দূরান্ত থেকে তাঁদের তৈরি বাইড় নিতে ক্রেতারা আসেন। এ কাজে শ্রম বেশি আয় কম। তবে অবসর সময়ে বসে না থেকে সময়টাকে বাইড় তৈরির কাজে ব্যয় করলে তাঁর আয় সংসারের অনেক উপকারে আসবে বলে জানান তিনি।
ধর্মপাশা ডিগ্রি কলেজের ¯œাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও কান্দাপাড়া গ্রামের বাসিন্দা ফয়সাল মজুমদার জানান, তাঁদের গ্রামের শতাধিক পরিবার বাইড় তৈরির কাজের সাথে জড়িত। অনেক পরিবারই তাঁদের অন্যান্য কাজের পাশাপাশি দীর্ঘ বছর ধরে এ গ্রামে বাইড় উৎপাদান করে আসছে। কেউ কেউ আবার এ পণ্যের ওপরই নির্ভরশীল। এখানে উৎপাদিত বাইড় স্থানীয় বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ হচ্ছে। যারা বাইড় তৈরি করেন তাঁদেরকে যদি সরকারিভাবে আর্থিক সহযোগিতা দেওয়া হতো তাহলে এ শিল্পটি আরো এগিয়ে যেতো।
ধর্মপাশা সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম আহমেদ জানান, যারা এ কাজটি দীর্ঘ বছর ধরে করে আসছেন তাঁরা যদি পৃথক পৃথকভাবে উৎপাদন কাজটি না করে সম্মিলিতভাবে একটি বলয়ে থেকে কাজ করতেন তাহলে বেশি লাভবান হওয়া যেতো। এখন দেখা যায় প্রতিটি পরিবার আলাদাভাবে বাইড় বা চাঁই উৎপাদনের পর এককভাবে বাজারে বিক্রি করেন । সে ক্ষেত্রে উৎপাদনেও গতিশীলতা থাকে না। যদি দল গঠন করে সম্মিলিতভাবে এ শিল্প নিয়ে কাজ করা যায় তাহলে এর সুফল উৎপাদনকারিরা যেমন ভোগ করবেন তেমনি এ বিষয়টি এলাকার মানুষের আর্থিক স্বচ্ছতা এনে দেওয়ার পাশাপাশি দেশের সুনাম বয়ে আনতে পারে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব খান জানান, এ কুটির শিল্পটি উৎপাদনকারিদের আর্থিক স্বচ্ছলতা এনে দেওয়ার পাশাপাশি হাওরাঞ্চলের মানুষজনের অবসর সময়কে কাজে লাগানোর যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন হয়েছে তা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এখনো হাওরাঞ্চলে বর্ষাকালে অনেকেই অবসর সময় কাটায়। তাঁরাও যদি অবসর সময়কে কাজে লাগান তাহলে এ শিল্পটিকে বাঁচিয়ে রাখতে পারেন এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন। এ কাজের সাথে জড়িত ব্যক্তিদেরকে প্রশিক্ষণ ও সরকারি সহযোগিতা দিতে পারলে এ শিল্প আলোর মুখ দেখবে।


