স্টাফ রিপোর্টার
শহরে অভিনব কায়দায় চুরি শুরু হয়েছে। গ্রীল ও দরজার তালা ভেঙে এবং সিঁদেল চুরির ঘটনা আগেও ঘটেছে, এখনও মাঝে মাঝে ঘটে থাকে। কিন্তু শহরে সম্প্রতি পাকা ঘরের দেয়াল কেঁটে বা ভেঙে চুরির ঘটনা ঘটছে। গত ৩ দিনে দেয়াল ভেঙে শহরে ২ টি চুরির ঘটনা ঘটেছে। এসব চুরি কেবল কম্পিউটারের দোকানেই হচ্ছে। ইটের পাকা দেয়াল কেটে চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংক দেখা দিয়েছে।
শহরের হাছননগরে প্রিয়াঙ্গণ মার্কেটের পপি ডিজিটাল স্টুডিওতে বৃহস্পতিবার রাতে দেয়াল কেটে চুরির চেষ্টা হয়। শনিবার রাতে স্টেশন রোড এলাকায় ফটো স্টুডিও কারখানা ‘ফটো ফ্লাস’ এর দোকানের দেয়াল কেটে দামী ক্যামেরা, কম্পিউটারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে। খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর থানার ওসি।
প্রিয়াঙ্গণ মার্কেটের পপি ডিজিটাল স্টুডিওর মালিক কংকন দাস বলেন,‘গত বৃহস্পতিবার বিকালে দোকান তালাবদ্ধ করে সিলেটে গিয়েছিলাম, রাত ১ টায় আমার ভাগ্না এসে দোকানে ঘুমায়। এসময় আমরা কেউ টের পাইনি দোকানের দেয়াল ভাঙা হয়েছে। ভোরে দেয়ালের ভাঙা অংশ দিয়ে আলো আসায় দেয়াল ভাঙার বিষয়টি ধরা পরে। সম্ভবত. চোর দোকানে ঢুকার আগেই আমরা চলে আসায় কোন কিছু নিতে পারেনি। ’
স্টেশন রোড এলাকায় ফটো ফ্লাস দোকানের মালিক মামুন চৌধুরী বলেন,‘প্রতিদিনের ন্যায় শনিবার রাত সাড়ে ১০ টায় স্টুডিও তালাবদ্ধ করে সবাই বাসায় চলে যাই। রবিবার সকাল ৯ টায় দোকান খোলে দেখি দেয়াল ভাঙা। স্টুডিওর ৫টি কম্পিউটার, ১ দামী ক্যামেরা, ফটো পেপার, কার্ড রিডার, এলবামসহ সকল মূল্যবান জিনিসপত্র নেই। প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা।’ তিনি আরো জানান, খুব পরিকল্পিতভাবে স্টুডিও চুরি হয়েছে। কম্পিউটার খোলে সব দামী যন্ত্রাংশ নিয়ে গেছে, অন্যসব ভেতরেই ফেলে রেখে গেছে। এতে ধারণা হচ্ছে চোরেরা অনেক সময় স্টুডিওর ভেতরে ছিল।’
এর আগে গত ৪ জানুয়ারি শহরের পৌর বিপণির একটি কম্পিউটারের দোকানেও একই কায়দায় চুরির ঘটনা ঘটেছে।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল বলেন,‘অভিনব কায়দায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটছে। বিষয়টি পুলিশের গুরুত্ব দেওয়া প্রয়োজন’।
সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন,‘স্টেশন রোডের চুরি কী ভাবে হয়েছে পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে, রাতের টহল দলকে আরো বেশি সতর্ক করে দেওয়া হয়েছে’।
- মালয়েশিয়ার শ্রমিক নিতে অস্বীকৃতি স্থায়িত্বশীল উন্নয়নের দিকে ধাবিত হওয়া উচিৎ
- জগন্নাথপুরে দুইটি সমিল সিলগালা


