অর্থের অভাবে পড়াশোনা অনিশ্চিত মেধাবৃত্তিপ্রাপ্ত শাহিদা বেগমের

কাজী জমিরুল ইসলাম মমতাজ,
দ. সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় মানবিক বিভাগে মেধাবৃত্তি পেয়েছে জয়সিদ্ধি বসিয়াখাউরী বড়মোহা উচ্চ বিদ্যালয়ের শাহিদা বেগম। এর আগে ৫ম শ্রেণীর সমাপনী, জেএসসিতেও মেধাবৃত্তি পায় সে।
ইতিমধ্যে শাহিদা সিলেট সরকারী মহিলা কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছে। কিন্তু অর্থের অভাবে ভর্তি অনিশ্চিত। শাহিদা বেগম বলেন, আমার পিতা খুব কষ্ট করে পড়ালেখা করিয়ে এই পর্যন্ত এনেছেন। আমার ফলাফলের পেছনে আমার শিক্ষকদের অবদানও রয়েছে। আমি পড়ালেখা করে মানব সেবায় শরীক হতে চাই।
শাহিদা বেগম উপজেলার বড়মোহা গ্রামের বদরুল ইসলাম ও হাসনা বেগমের মেয়ে। সে তার ভাই-বোনদের মধ্যে ৫ম। শাহিদার পিতা এলাকার পাশবর্তী মধ্যে হাসকুরী গ্রামের জামে মসজিদে ইমামতি করেন। শাহিদার পিতা মাওলানা বদরুল ইসলাম বলেন, আমি ইমামতি করে সংসার পরিচালনার পাশাপাশি আমার মেয়েকে এই পর্যন্ত নিয়ে এসেছি। মেয়ের পড়ালেখা করার ইচ্ছা কিন্তু তাকে পড়ালেখা করানোর মত আমার সামর্থ নেই। কোন সামর্থবান ব্যাক্তি বা কোন প্রতিষ্ঠান যদি সহযোগিতায় এগিয়ে আসে তা হলে আমার মেয়েটার পড়া লেখা করা সম্ভব হবে।
জেবিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিবাস চন্দ্র বিশ্বাস বলেন, আমাদের প্রতিষ্ঠান তার জন্য গর্বিত। তবে এই মেয়েটির পরিবার অসচ্ছল। আমার শিক্ষক স্টাফ সাধ্যানুযায়ী সহযোগিতা করব। তবে যদি কোন হৃদয়বান ব্যক্তি এই মেয়েটিকে সহযোগিতা করলে সে সুন্দরভাবে পড়ালেখা করতে সক্ষম হত।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা (মাধ্যমিক) একাডেমিক সুপারভাইজার মো. নুরে আলম সিদ্দিকী বলেন, মেয়েটির খুবই মেধাবী। তবে তার পরিবার আর্থিক অসচ্ছল। আমার অফিসের মাধ্যমে কোন সুযোগ হলে এবং আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করার চেষ্টা করব। এছাড়াও শাহিদা বেগমের লেখাপড়ায় সহযোগিতায় কেউ এগিয়ে আসলে মেধাবী মেয়েটি অনেক দূরে এগিয়ে যেতে পারবে।