অসুস্থতা নিয়ে মুখ খুললেন সুরঞ্জিত -‘প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত’

বিশেষ প্রতিনিধি
প্রবীণ রাজনীতিক সুরঞ্জিত সেন গুপ্ত বলেন,‘আমার শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তিমূলক ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ প্রচারণা হচ্ছে। মঙ্গলবার বিকাল ৩ টায় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, “কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন পত্রিকাসহ নানা জায়গায় আমার শারীরিক অবস্থা সম্পর্কে পরিবেশিত কিছু তথ্য আমার দৃষ্টিগোচর হয়েছে। এর মধ্যে কেউ কেউ আমার প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন আবার  কোনোটিতে বিভ্রান্তিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত তথ্য আছে বলে আমার মনে হয়েছে। এসব জায়গায় তথ্য পরিবেশিত হয়েছে যে, আমি নাকি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী আছি। এমনকি আমার এলাকাতে মধ্যবর্তী নির্বাচনের ঘোষণাও দেওয়া হয়েছে এবং আমি কবে কোন তারিখে মৃত্যুবরণ করব, তাও ঘোষণা করা হয়েছে।
‘মায়েলোডিস প্লাস্টিক সিনড্রোমে’ ভুগছেন জানিয়ে সুরঞ্জিত বলেন, তিনি যুক্তরাষ্ট্রের বোস্টনে এমজিএ হাসপাতালের চিকিৎসকের অধীনে চিকিৎসারত। রক্তে  লোহিত কণিকার পরিমাণ কম হওয়ায় বোনম্যারো পরীক্ষার জন্য নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে যাবেন বলে জানান তিনি।
তিনি জানান, “চিকিৎসকরা জানিয়েছেন, এটা ক্যান্সারে টার্ন নেওয়ার কোনো আশঙ্কা নেই। আমার রোগের লক্ষণ হচ্ছে, রক্তে হিমগ্লোবিন উৎপাদনের মাত্রা কমে গিয়েছে। এজন্য মাঝে মাঝে আমাকে রক্ত নিতে হয়। এটা কোনোক্রমেই লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার নয়।”
তিনি বলেন “রোগ-শোকে মানুষ এবং এটা স্বাভাবিক বিষয়। কিন্তু সেটা নিয়ে কেউ বিশেষ মতলববাজি করবে  সেটা কাম্য হতে পারে না,” ।
সংবাদ সম্মেলনে অন্যান্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বিদ্বেষমূলক বা রাষ্ট্রবিরোধী বক্তব্যের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থার নিবন্ধন বাতিলের বিধান রেখে সংসদে পাস হওয়া আইনের বিরোধিতার সমালোচনা করেছেন।
তিনি বলেছেন, “গণমাধ্যমের যে  
 অধিকার আছে, এনজিওর সেটা নেই। ফ্রিডম অব এক্সপ্রেশন নাগরিকের জন্য। এনজিও এখানে অনেক ইনফিরিওয়র।”
গত ৫ অক্টোবর বিলটি পাসের পর এনজিওগুলোসহ তাদের অর্থায়নকারী বিভিন্ন দেশের অব্যাহত সমালোচনার মধ্যে মঙ্গলবার সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলার সময় সুরঞ্জিত এসব কথা বলেন।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে প্রবীণ এই সংসদ সদস্য বলেন, “এনজিও সাধারণ আইনের দ্বারা জন্ম নিয়েছে। কিন্তু গণমাধ্যমকে সংবিধানের অধীনে একটা আইনের মাধ্যমে স্বাধীনতা দেওয়া হয়েছে।
“তোমরা (গণমাধ্যম) বলতে পার। তোমাদের মানবাধিকারের প্রটেকশন আছে। কোনো ফরেন বডির তো সেটা নেই। একজন নাগরিক মত প্রকাশ করে অনেক কথা বলবে। সেটা তার অধিকার। এনজিও আইনের অধীনে কাজ করবে।”
“যদি বিরোধী দলের মতো কথা বলতেই হয় তাহলে অপজিশনে যাও,” এনজিওগুলোর উদ্দেশে বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য।
মঙ্গলবার রাত ৮ টায় সুরঞ্জিত সেন গুপ্তের ব্যক্তিগত সহকারী কামরুল হক সুরঞ্জিত সেন গুপ্ত’র শারিরিক অবস্থা নিয়ে ‘বিভ্রান্তিকর’ সংবাদ ছাপা হচ্ছে দাবী করে দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘গত ইউপি নির্বাচনের আগে একবার সুরঞ্জিত সেন গুপ্তকে নিয়ে অপপ্রচার দেওয়া হয়েছিল। ঐ চক্র আবারও সক্রিয় হয়েছে। এবার আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সামনে রেখে তারা সক্রিয় হয়েছে। কারো অসুস্থতা নিয়ে এমন মিথ্যা অপপ্রচার কোন ভাবেই কাম্য হতে পারে না’।
সুরঞ্জিত সেন গুপ্তের ব্যক্তিগত ফেইসবুকে মঙ্গলবার স্ট্যাটাস দেওয়া হয়েছে ২৯ তারিখ দিরাইয়ে স্বাস্থ্যমন্ত্রীর সফরের সময় সুরঞ্জিত সেন গুপ্তও থাকবেন।