স্টাফ রিপোর্টার , এনামুল হক (ধর্মপাশা), ও এমএ রাজ্জাক (তাহিরপুর)
সুনামগঞ্জের বিভিন্ন স্থানে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি’র চাল প্রদানের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ ওঠেছে। কোন কোন স্থানে যারা কার্ড পেয়েছেন তারাই বলছেন,‘আামাদের না দিয়ে আরো দরিদ্রদের দিলে ভালো হতো’।
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষবেড় গ্রামের ইউপি সদস্য তৈয়বুর রহমানের পরিবারের ৪ সদস্যই ১০ টাকা কেজি দরের চাল পাওয়ার কার্ড পেয়েছেন। তৈয়বুর রহমানের ভাই হারুন মিয়া ও তার স্ত্রী এবং অপর ভাই মুহিবুর রহমান এবং তার স্ত্রী’র নামে কার্ড হয়েছে।
অবশ্য. তৈয়বুর রহমানই বলেছেন,‘আামি বিব্রত, আমাদের চেয়ে অনেক দরিদ্র মানুষ এই ইউনিয়নে বা ওয়ার্ডে রয়েছে। তারা কার্ড পায়নি। আমরা তালিকা সংশোধন করার উদ্যোগ নিয়েছি। এই তালিকা আগের পরিষদের সময়ে হয়েছে। যারা করেছেন, তারা আমাদের বিতর্কিত করার জন্য করেছেন’।
কেবল মোহনপুরের ভৈষবেড়েই নয়। অনেক স্থানেই ১০ টাকা কেজির চাল প্রাপ্য দরিদ্রদের তালিকা তৈরিতে অনিয়ম হয়েছে।
জেলার ধর্মপাশায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের তালিকায় পাইকুরাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুটি গ্রামের দরিদ্র পরিবারকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। দুটি গ্রামের দরিদ্র পরিবারের লোকজন ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেছেন।
এই উপজেলার ১০ ইউনিয়নে আট হাজার ৯২ টি কার্ডধারী পরিবার রয়েছে। পাইকুরাটি ইউনিয়নে ৯৫৪ জন কার্ডধারী রয়েছেন। ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চকিয়াচাপুর ও বালিজুড়ি গ্রামে শতাধিক দরিদ্র পরিবার রয়েছে। কিন্তু খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় ওই দুই গ্রামের কোনো ব্যক্তিকেই অন্তর্ভূক্ত করা হয়নি।
ইউএনও মোহাম্মদ নাজমুল হক জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ তিনি পেয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে।
তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নে ১০ টাকা কেজি মূল্যের চালের ৬ হাজার ৭৬২ জন অনুমোদিত কার্ডধারী হতদরিদ্র পরিবারের জন্য খাদ্য অধিদফতরের পরিপত্র মোতাবেক ১৪ জন ডিলার নিয়োগ থাকার কথা। সেপ্টেম্বর মাসে উত্তর শ্রীপুর, দক্ষিণ শ্রীপুর, উত্তর বড়দল, দক্ষিণ বড়দল, তাহিরপুর সদরসহ ৫ ইউনিয়নের ২ জন করে এবং বাদাঘাট ও বালিজুড়ি ইউনিয়নে ১ জন করে মোট ১২ জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে এখনো ২ জন ডিলার নিয়োগের বাকী রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ডিলারদের সকলেই সরকারি দলের স্থানীয় নেতা।
উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম আওলিয়া বলেছেন, ‘বাদাঘাট ও বালিজুড়ি ইউনিয়নে তাৎক্ষণিক যোগ্য ব্যক্তি না পাওয়ায় ১ জন করে ডিলার নিয়োগ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে আরো ২ জন ডিলার নিয়োগ দেওয়া হবে’।
উপজেলায় সপ্তাহে ৩ দিন শুক্র, শনি ও মঙ্গলবার কার্ডধারী হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ টাকা কেজি’র চাল বিতরণের নির্ধারিত তারিখ থাকলেও সঠিক সময়ে না দেয়ারও অভিযোগ রয়েছে।
উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, বর্তমান সরকারের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের বিষয়টি সাধারণ জনগণের কাছে প্রচারও কম হয়েছে। এ কারণে ১০ টাকা কেজি মূল্যের চাল বিতরণ শুরু হলেও বাজারে এর প্রভাব তেমন পড়েনি।
উত্তর শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামের প্রাক্তন মেম্বার কনকন তালুকদার বলেন, ‘আমার নিজ গ্রামেই হতদরিদ্রদের নামে ১০ টাকা কেজি’র চালের কার্ড অপেক্ষাকৃত দরিদ্ররা না পেয়ে সামর্থবানরা পেয়েছে।’
তাহিরপুর উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম আওলিয়া বলেন, ‘সেপ্টেম্বর মাসে উপজেলায় ১৪ জন ডিলারের মধ্যে ১২ জন ডিলার নিয়োগ করা হয়েছে। ২ জন ডিলার নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে দ্বিতীয় পর্যায়ে। চাল বিক্রির সময় অনিয়ম করলে ডিলাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
জেলা খাদ্য কর্মকর্তা আবু নঈম মোহাম্মদ শফিউল আলম বলেন,‘তালিকা প্রণয়ণকালে আমাদের কোন প্রতিনিধি ছিল না। তালিকা প্রণয়ণে কিছুটা ত্রুটি হয়েছে। একই পরিবারের একাধিক সদস্য কার্ড পেয়েছেন এমন ঘটনাও ঘটেছে। সেজন্যই মন্ত্রণালয়ের নির্দেশে আমরা তালিকা সংশোধনীতে নেমেছি। যেখানেই অভিযোগ পাওয়া যাবে, সেখানেই সংশোধন করা হবে’।
- সাংবাদিক টিপু সুলতান আর নেই- সাংবাদিক সমাজে শোকের ছায়া
- অসুস্থতা নিয়ে মুখ খুললেন সুরঞ্জিত -‘প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত’


