অসুস্থ্য দ্বিজেন্দ্র প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসকের সহায়তা চান

বিন্দু তালুকদার
দ্বিজেন্দ্র সূত্রধর, বয়স মাত্র ৩৪ বছর। জন্মস্থান সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের বীরকলস গ্রামে। দীর্ঘদিন ছিলেন জামালগঞ্জ উপজেলার রহিমাপুর গ্রামের বাসিন্দা হয়ে। পিতা কাঠমিস্ত্রী ধীরেন্দ্র সূত্রধর। পড়ালেখায় মেধাবী দ্বিজেন্দ্র সাচ্না বাজার উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৯ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৫৮৮ মার্ক পেয়ে দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হন। জামালগঞ্জ ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে অল্পের জন্য ফেল করেন।
পেটের দায়ে দ্বিজেন্দ্র চাকরি নেন ঔষধালয়ে। বেশ কয়েক বছর পর দক্ষিণ সুনামগঞ্জের গ্রামের এক বাজারে ছোট একটি ঔষধের দোকান খোলেন। পরে বিয়ে করেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিঘর ব্রাহ্মণগ্রাম গ্রামে। তাদের ঘরে রয়েছে ৫ বছর বয়সী এক ছেলে ও ৮ মাস বয়সী এক মেয়ে। বেশ সুখেই কাটছিল তাদের জীবন।
কিন্তু হঠাৎ করে দ্বিজেন্দ্র’র দেহে আচমকা বাসা বাঁধে এক মরণ ব্যাধি। প্রায় ৫ মাস আগে         
একদিন তিনি বাম পায়ের পাতায় ব্যথা অনুভব করেন। এর পর থেকে ওই পায়ে পঁচন শুরু হয়। তখন থেকেই এই মরণব্যাধির সঙ্গে যুদ্ধ করছেন দ্বিজেন্দ্র। অর্থ ও সঠিক চিকিৎসার অভাবে পঁচে গেছে তার বাম পায়ের পাতা। খসে পড়েছে তিনটি আঙ্গুল। বিকৃত রূপ ধারণ করে আছে তার পা। অসহনীয় যন্ত্রণায় দিনরাত ছটপট করেন দ্বিজেন্দ্র সূত্রধর। চিকিৎসার ব্যয় যোগাতে তার পরিবার এখন প্রায় সর্বস্বান্ত। সর্বস্বান্ত পরিবারটি এখন যাযাবরের মতো আত্মীয়-স্বজনদের দ্বারে দ্বারে ঘুরে ফিরছেন। বৃদ্ধ পিতাকে রহিমাপুরে কাকার কাছে রেখেছেন। অসুস্থ্য দ্বিজেন্দ্র সূত্রধর কয়েকদিন ধরে তাহিরপুর উপজেলার কলাগাঁও গ্রামে মামা জয়কুমার সূত্রধরের বাড়িতে অবস্থান করছেন। এদিকে স্বামীর অসুখ অন্যদিকে দুধের দুই শিশুকে নিয়ে বেকায়দায় পড়েছেন স্ত্রী জবা সূত্রধর। একদিকে পায়ের ব্যথায় স্বামী যখন গগনবিদারী চিৎকার চেঁচামেচি করেন তখন অবুঝ দুই দুধের শিশুও কান্নাকাটি শুরু করে।  
অসুস্থ্য দ্বিজেন্দ্র সূত্রধর বলেন,‘ আমি বাঁচতে চাই। আমার কিছু হলে আমার বৃদ্ধ বাবা, স্ত্রী ও দুইটি সন্তানকে কে দেখবে। একবার এইচএসসি ফেল করার পর অর্থাভাবে আর পড়তে পারিনি। এখন পায়ের চিকিৎসায় আমি নিঃস্ব। কিভাবে পরিবারের খরচ আসবে এই চিন্তায় দিনরাত ঘুমে আসে না। পরের বাড়িতে কতদিন থাকব, অন্যরা আমাকে কতদিন খাওয়াবে। আমি ডিসি স্যার ও প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চাই।’
অসুস্থ্য স্বামীর চিন্তায় দিশেহারা স্ত্রী জবা সূত্রধর (৩০)। একদিকে স্বামীর অসুখ অন্যদিকে দুই শিশু সন্তান। সবমিলিয়ে সাগরে ভাসছেন তিনি। শাড়ির আঁচল মুখে চেপে শুধু নিরবে কেঁদেই দিন কাটান তিনি।
জবা রানী সূত্রধর জানান, শহরে গিয়ে ভালো চিকিৎসা করানোর সামর্থ নেই তাদের। স্বামীর এই পরিণতিতে বৃদ্ধ শ্বশুরও শয্যাশায়ী। স্বামীর জীবন সায়াহ্নে তিনি সকলের সাহায্য চেয়েছেন।
তিনি বলেন, ‘আমি সাগরে ভাসছি। হাতে ঔষধ কেনার টাকা নেই। পরিবারে উপার্জনশীল কোন লোক নেই। দুই বাচ্চাসহ পাঁচ সদস্যের পরিবার কিভাবে চলে। মানুষের সাহায্য-সহযোগিতাই আমার ভরসা। অসুস্থ্য শ্বশুরকে কাকাশ্বশুরের কাছে রেখেছি। মামাশ্বশুরের বাড়িতে আছি এখন। ’
দ্বিজেন্দ্র সূত্রধরকে অর্থ সহায়তা ও যোগাযোগের জন্য প্রয়োজনীয় নাম্বার ০১৭৪৫ ৯৩৯৫৭১ (মামা জয়কুমার সূত্রধর)।