দোয়ারা থানায় দুই ওসির বাকবিতন্ডা

স্টাফ রিপোর্টার
কথা কাটাকাটির জের ধরে দোয়ারাবাজার থানায় ওসি মো. এনামুল হক ও ওসি (তদন্ত) সাইফুল আলমের মধ্যে উচ্চস্বরে বাক বিতন্ডার ঘটনা ঘটেছে। তবে ঘটনার প্রত্যক্ষদর্শী একজন বলেছেন, ‘দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে।’ শনিবার রাত ৮ টায় থানার ওসির কক্ষে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
এসময় থানায় উপস্থিত থাকা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ সভাপতি মান্নারগাঁও ইউপির আজমপুর গ্রামের সিরাজ মিয়া ও কয়েকজন এসআই ওসি (তদন্ত) সাইফুল আলমকে কক্ষ থেকে বের করে নেন। বিষয়টি উপজেলা সদর এলাকা ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন থানা এলাকায় ভিড় করেন। তবে দোয়ারাবাজার    
থানার ওসি ও ওসি (তদন্ত) বিষয়টি অস্বীকার করেছেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ সভাপতি মান্নারগাঁও ইউপির আজমপুর গ্রামের সিরাজ মিয়া বলেন, ‘গ্রামের একটি মামলার তদন্তের বিষয়ে আমাদের থানায় ডেকে নেয়া হয়েছিল, আমরা থানার ভেতরে বসা ছিলাম। এসময় হঠাৎ করে ওসি সাহেবের রুমে উচ্চ স্বরে কথা বলতে শুনা যায়। শব্দ শুনে আমরা অনেকেই দ্রুত এগিয়ে যাই। গিয়ে দেখি ওসি ও ওসি (তদন্ত) সাহেবের মধ্যে হাতাহাতি চলছে। দুইজনকে নিবৃত্ত করার চেষ্টা করছেন সদরের সাবেক ইউপি চেয়ারম্যান খালেক সাব। এক পর্যায়ে দুইজনকে দূরে সরিয়ে নেয়া হয়। আমরা কয়েকজন ওসি (তদন্ত) সাবকে নিয়ে আসি এবং খালেক সাব ওসি সাবকে রুমে আটকে রাখেন। এসময় থানার ভেতরে থাকা আজমপুর, শরিফপুর ও পান্ডারগাঁও  গ্রামের সাধারণ মানুষকে থানা এলাকা থেকে বের করার চেষ্টা করে পুলিশ। কয়েকজন কনস্টেবল এক পর্যায়ে আমাকে লাঞ্ছিত করেন এবং থানার হাজতে ঢুকানোর চেষ্টা করেন। থানার কর্মচারি জিয়া, এসআই জাকির ও এসআই ফাত্তাহ সাব আমাকে রক্ষা করেন এবং থানা থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করেন। বিষয়টি আমি রাতেই উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানকে অবহিত করেছি।’
ঘটনাস্থলে থাকা দোয়ারাবাজার সদর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, ‘ওসি সাহেবদের মধ্যে মারামারির তেমন কোন ঘটনা ঘটেনি। একটা মামলার আসামী ধরার বিষয় নিয়ে দুই জনের মধ্যে মুখোমুখি ও কথা কাটাকাটি হয়েছে।’
দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) সাইফুল আলম বলেন, ‘মারামারি বা এ ধরনের কোন ঘটনা ঘটেনি। আমাদের মধ্যে অফিসিয়েলি কিছু কথা বার্তা হয়েছে।’
দোয়ারাবাজার থানার ওসি এনামুল হক বলেন,  শনিবার রাতে থানায় এ ধরনের কোন ঘটনা ঘটেনি। পুলিশ সুপারের নির্দেশ বাস্তবায়নে আইনশৃংখলা নিয়ে সকল অফিসারদের সাথে কথাবার্তা হয়েছে। এসময় হয়তো আমার কথাবার্তার সুর একটু উচ্চ ছিল। থানার ভেতরে কাউকে লাঞ্ছিত করা হয়েছে বলে আমার কাছে কোন অভিযোগ করা হয়নি। ঘটনার খোঁজ খবর নেয়া হবে।’