বাড়ির কাছে আরশি নগর

কুমার সৌরভ
টুঙ্গিপাড়া জাতির পিতার
সমাধি সৌধ কমপ্লেক্সে
আমাদের শিক্ষা সফরের ভিতরে অন্তর্ভূক্ত ছিল টুঙ্গিপাড়ার জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্স পরিদর্শন করা। ভ্রমণসূচী অনুসারে বাগেরহাট থেকে ফেরার পথে টুঙ্গিপাড়া যাওয়ার পরিকল্পনা নির্ধারিত ছিল। বাগেরহাটের উপদেয় সামুদ্রিক মাছ ও তৎসঙ্গে পঞ্চব্যঞ্জন সহযোগে ভুরি ভোজনের পর তৃপ্তির ঢেকুর তুলতে তুলতে আমরা যখন গাড়িতে উঠলাম তখন মূলত অপরাহ্ন শুরু হয়ে গেছে। ঘড়ির কাটায় তখন ৪ টা বেজে গেছে। আমাদের গাইড বললেন ৪০/৪৫ মিনিটের মধ্যে আমরা টুঙ্গিপাড়া পৌঁছে যাব। আপনাদের এক ঘণ্টা সময় দেয়া হবে। ঠিক ছয়টায় আমরা কোটালিপাড়ার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে দিব।
বাগেরহাট-গোপালগঞ্জ সড়কের দুই পাশে সারি সারি চিংড়িঘের পেড়িয়ে ছুটতে থাকল গাড়ি। অতিভোজনজনিত আয়েশে তখন দু’চোখ জড়িয়ে এসেছে। গাড়ি ছুটতে শুরু করলে অনেকের ঘুম পায়। আমি সে দলে পড়ি না। কখনও চলন্ত গাড়িতে আমার ঘুম আসে না। দূরপাল্লার যাত্রায়ও না। চলন্ত গাড়িতে আঘুম কাটিয়ে দেই পুরো রাত। গাড়ি চলতে থাকলে মনের ভিতরে একধরনের ভয় কাজ শুরু করে। মনে হয় এই বুঝি দুর্ঘটনা ঘটল। রাস্তার গতিরোধক বাঁধে, বাঁক বদল কালে কিংবা কোন খানাখন্দের কারণে যখন গাড়ি সামান্য ঝাঁকুনি দেয় তখন অযাচিতভাবে মনে আতংক তৈরি হয়। ভাল করে সামনে তাকিয়ে দেখার চেষ্টা করি কিছু ঘটল কিনা। এমন আমারও আজ চোখ জড়িয়ে গেল। পাশে বসা সহকর্মীর ডাকে ঘুম ভাঙল। সহকর্মীটি বললেন, এসে গেছি তো টুঙ্গিপাড়া। চলুন নামতে হবে। ঘুম জড়ানো চোখ টেনে তোলে গাড়ি থেকে নামলাম।
গাড়ি পার্ক করেছে বঙ্গবন্ধু সমাধিসৌধের বাইরের বিশাল আঙ্গিনায়। প্রধান গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। গেটের বাম পাশে ক্যান্টিন, ডান পাশে বেশ কয়েকটি দোকান। একটু এগিয়ে ডান দিকে লাইব্রেরি ও বঙ্গবন্ধুর উপর দুর্লভ ছবি ও ডকুমেন্টারি নিয়ে গড়া মিউজিয়াম, পাশেই আছে থিয়েটার সেন্টার। লাইব্রেরি-মিউজিয়ামের বিপরীতে দিকে মসজিদ। মসজিদের সামনে পুকুর। আরেকটু এগুলে মনোরম কৃত্রিম ঝর্ণা। পাশে গাছের পাতা কেটে কেটে তৈরি করা বিশাল একটি নৌকাকৃতি। এর পরেই বঙ্গবন্ধুর সমাধিসৌধ। পুরো সমাধিসৌধজুড়ে রয়েছে ফুলের বাগান ও বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছপালা। স্থানে স্থানে রয়েছে দর্শনার্থীদের বসার ব্যাঞ্চ, সিঁড়ি ইত্যাদি। কমপ্লেক্সের ভিতর ঢুকলে আপনাআপনিই মনে নেমে আসে এক ধরনের প্রগাঢ় শান্তির অনুভূতি।
ভিতরে ঢুকে আমরা দলছুট হয়ে গেলাম। আমাদের ছোট দলটি মিউজিয়াম ও লাইব্রেরিকে হাতের ডানে রেখে সোজা মসৃন রাস্তা ধরে এগিয়ে চললাম মূল সমাধিসৌধের দিকে। এমন কোন বাঙালি নেই, বাংলাদেশে ও বিশ্বের যেকোন প্রান্তে, যিনি বঙ্গবন্ধু নামের ইতিহাসের এক অমর কিন্তু ট্র্যাজিক চরিত্রের নাম জানেন না। এই মহানায়ক নিজের স্বপ্নের স্বাধীন বাংলাদেশে কতিপয় বিশ্বাসঘাতক বাঙালি সেনা অফিসারদের হাতে নিহত হয়েছিলেন পরিবার-পরিজনসমেত। এই মহানায়ক শেষ শয্যায় শায়িত আছেন এখানে, এই ছায়াসুনিবিড়, হাওর-জলাশয়ঘেরা টুঙ্গিপাড়ার পিতৃভূমিতে। এখানে আসার উদ্দেশ্য সকলেরই তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা। কয়েক মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম সমাধিসৌধে। একটি রেলিং দিয়ে ঘেরা সমাধিতে পিতা ও মাতার পাশেই শুয়ে আছেন বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পিতা শেখ লুৎফর রহমান মাতা সায়েরা খাতুন এবং বঙ্গবন্ধুর কবর ঘিরেই নির্মাণ করা হয়েছে মূল টম্ব। সাদা পাথরে নির্মিত গোলাকার এক গম্বুজ বিশিষ্ট সমাধিসৌধের দেয়ালে জাফরি কাটা। এই অংশ দিয়ে ভিতরে প্রবেশ করে বাংলার কোমল সূর্যের আলো। চার দিকে কালো টাইলস ও মাঝখানে শ্বেতশুভ্র টাইলসে বঙ্গবন্ধুর কবর বাঁধানো। কবরের পাশে দাঁড়িয়ে কয়েক মিনিট বাকরুদ্ধ হয়ে গেলাম আমরা। নিরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানালাম। ঘুরে ঘুরে সমাধির ভিতর দেখলাম। একসময় বেরিয়ে আসলাম নিরবেই। মনের ভিতর তখন উথাল-পাথাল। বেরিয়ে আসার সময় বঙ্গবন্ধুর জীবনের অনেক কিছু মনে আসছিল। এই মহান নেতা জন্মেছিলেন ১৯২০ সনের ১৭ মার্চ। ৫৫ বছর ৪ মাস বয়সে তিনি নিহত হন। হিসাব করে দেখলাম আমার বয়সও তো এই সময়ে ৫৫ বছর। তার মানে আমার বর্তমান বয়সেই বঙ্গবন্ধু নিহত হয়েছিলেন। এর আগে তিনি তৈরি করে গেছেন এই জাতির জন্য অমর এক আখ্যান, স্বাধীনতা যার নাম। এটি ভেবে মনে মনে শিহরিত হলাম।  ক্ষণজন্মা পুরুষরা বুঝি এমনই হন। নিজের জীবনের পরিধির মধ্যেই দান করে যান মহাসমুদ্রসম অশেষ ভান্ডার।
সমাধিসৌধ থেকে বেরিয়ে পার্শ্বস্থ আঙ্গিনা ঘুরে ঘুরে দেখলাম। পিছনে একটি ভাঙ্গাচুড়া পুরানো পাকা প্রবেশতোরণ ও ভবন দেখতে পাই। জানা গেল এটি শেখ বংশের আদি বসতভিটা। নিকটেই একটি নতুন দু’তলা ছোট ছিমছাম ভবন। এটি বঙ্গবন্ধু কন্যাদ্বয়ের টুঙ্গিপাড়ার বর্তমান ঠিকানা। টুঙ্গিপাড়া আসলে তাঁরা এখানে অবস্থান করেন। এই জায়গায়ই দেখা হলো দুই বয়স্ক ব্যক্তির সাথে। চেহারায় ব্যক্তিত্বের স্পষ্ট প্রকাশ। পাঞ্জাবি ও লুঙ্গি পড়নে তাঁদের। সাদা শ্মশ্রুমন্ডিত। প্রথম দর্শনেই শ্রদ্ধায় মাথা নুয়ে আসে। সামনের খোলা জায়গায় তাঁরা পায়চারি করছিলেন। আমরা বুঝতে পারছিলাম, তাঁরা আগন্তুক নন, কাছে-ধারেরই কেউ হবেন। আমি সালাম জানিয়ে করমর্দন করে নাম জানতে চাইলাম। সবচাইতে বয়স্ক যিনি তিনি নিজের নাম বললেন শেখ আব্দুল কাদের। অন্যজন নিজের নাম বললেন শেখ বুরহান উদ্দিন। প্রথমজন নিজেকে বঙ্গবন্ধুর চাচা দাবি করলেন। অন্যজন অর্থাৎ শেখ বুরহান উদ্দিন নিজেকে বঙ্গবন্ধুর গোষ্ঠী ভাই হিসেবে পরিচয় দিলেন। অর্থাৎ এই দুই ব্যক্তিই শেখ বংশের লোক। মনে মনে শিহরিত হলাম। শেখ বংশের কারও সামনে দাঁড়িয়ে রয়েছি এটি ভাবতেই মনে হলো আমি যেন ইতিহাসের একটি পৃষ্ঠায় চোখ বুলিয়ে নিলাম। শেখ আব্দুল কাদের বলছিলেন, টুঙ্গিপাড়ায় শেখ বংশের আগমন ঘটে অন্তত আড়াই শ’ বছর আগে। এই বংশের উর্দ্ধতন পুরুষ কুদরত উল্লাহ শেখ ছিলেন বিখ্যাত জমিদার। এই কুদরত উল্লা শেখের পরবর্তী ষষ্ঠ বংশধর হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতেও এই কুদরত উল্লা শেখের কথা উল্লেখ আছে। বঙ্গবন্ধু অবশ্য উনাকে জমিদার বলেন নি। ধনাঢ্য ও ব্যবসায়ী বলেছেন। তন্ময় হয়ে তাঁর কথা শুনছিলাম। তিনি ইংরেজ ও দেশীয় সামন্তপ্রভু ও তৎবসম্বদের বিরোধিতায় যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বলেও আত্মজীবনীতে বর্ণিত আছে।  শেখ বংশের দুই বয়স্কের সাথে আলাপচারিতা বেশিদূর এগোয় না। নামাজের সময় হয়ে যাওয়ায় তাঁরা পাশের মসজিদে ঢুকে যাবেন বলে বিদায় নিতে চাইলেন। সালাম জানিয়ে তাঁদের কাছ থেকে বিদায় নিলাম।
এবার ফেরার পালা। ফেরার পথে অনেকটা ঝটিকা সফরের মত করে লাইব্রেরি ও মিউজিয়াম ঘুরে এলাম। আসলে এরকম ঐতিহাসিক জায়গা এক দু’ঘণ্টা ঘুরে দেখার নয়। আত্মস্থ করতে হলে এইসব জায়গায় দীর্ঘসময় অবস্থান করতে হয়। কান পেতে বসে থাকতে হয় নিরবে। প্রতিটি ইঞ্চির দৃশ্যাবলী চোখের মনি দিয়ে দেখে মগজে মজুদ করে নিতে হয়। দেখার সাথে চিন্তার সংযোগ স্থাপন করে বিশ্লেষণ করতে হয়। কিন্তু আমরা ছাপোষারা এমন দেখা ও শোনার সুযোগ পাব কোথায়। তাই এক পলকে বিশ্ব দেখার মতো করে বিন্দুর মাঝে সিন্ধু দর্শন করেই তৃপ্ত হই। ফেরার রাস্তায় লাইব্রেরি থেকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কিনলাম। কফিশপে কফি খেলাম। এবং বিমূঢ় তন্ময় আবেশ নিয়ে গাড়িতে চাপলাম। ফিরতি পথে কেবলই মনে বাজছিল এক অমোঘ বজ্রকণ্ঠÑ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মনে হলো আমরা তো এখনও নিজেদের মুক্তি ও প্রকৃত স্বাধীনতার অন্বেষায় পথ হাঁটছি নিরন্তর। আমাদের সেই মহান আকাক্সক্ষা হৃদয়ে নিত্য বহমান, শুধু সেই বজ্রকণ্ঠ নেই। গাড়ি যখন চলতে শুরু করল তখন অস্তায়মান সূর্য পশ্চিমাকাশে লাল আভা ছড়িয়েছে। সেই আভায় সমাধিসৌধ কমপ্লেক্সটিকেও লালচে দেখাচ্ছিল। আমি ভাবছিলাম, এখানেই তো সেই অস্তায়মান বাংলার সূর্য শায়িত রয়েছেন। প্রতিদিনই তাই বোধ করি আকাশের সূর্য নিজের রক্তিম বিচ্ছুরণ দ্বারা এখানে শ্রদ্ধা জানিয়ে যান এমন করেই। (চলবে)