স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে টাকার অভাবে চিকিৎসা করাতে পারা মুক্তিযোদ্ধা সাদেক আলীর পাশে দাঁড়িয়েছেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী। বুধবার মুক্তিযোদ্ধা সাদেক আলীর চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেন এবং মুক্তিযোদ্ধা চিকিৎসা ভাতার ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। এছাড়াও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সুমন বর্মনকে সাথে নিয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করান ও ওষুধপত্রের ব্যবস্থা করে দেন।
মুক্তিযোদ্ধা সাদেক আলী তাহিরপুর উপজেলা সদরের মধ্য তাহিরপুর গ্রামের বাসিন্দা। দুই বছর ধরে প্যারালাইজড আক্রান্তে চিকিৎসার অভাবে নিজ বসতবাড়িতে শয্যাশায়ী হয়ে আছেন। গতকাল মঙ্গলবার ‘চিকিৎসা করাতে পারছেন না মুক্তিযোদ্ধা সাদেক আলী’ শিরোনামে দৈনিক সুনামগঞ্জের খবরে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি অবগত হয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বুধবার সকালে মুক্তিযোদ্ধা সাদেক আলীর বসত বাড়িতে যান এবং পরিবারের খোঁজ খবর নেন।
এ সময় তাহার সাথে ছিলেন তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম।
অসুস্থ মুক্তিযোদ্ধা সাদেক আলীকে দেখতে গিয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মুক্তিযোদ্ধা পরিবারকে বুধবার ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি ছোলা, ২ কেজি আপেল ফল, ২ কেজি মাল্টা এবং ১ কেজি খেজুর প্রদান করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, প্রধানমন্ত্রীর সহায়তা হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকার অনুদান ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ঘরের ব্যবস্থা দ্রুত করে দেয়া হবে।
- দেশে করোনায় আরও ১৯ মৃত্যু, নতুন শনাক্ত ১ হাজার ১৬২
- তাহিরপুরে কৃষক নির্বাচনে উন্মূক্ত লটারি কার্যক্রমের উদ্বোধন


