সু.খবর ডেস্ক
রাশিয়ান অ্যাথলেটরা অংশ নিতে পারছেন না এবারের রিও গেমসে। ফাইল ছবিঅলিম্পিকে নিজেদের অ্যাথলেটিকস দলের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আবেদন করেছিল রাশিয়া। কিন্তু লাভ হয়নি। ডোপিংয়ের অভিযোগে রুশ অ্যাথলেটদের অলিম্পিকে নিষিদ্ধ করার সিদ্ধান্তই বহাল রেখেছে সিএএস।
এই রায়ে আগামী ৫ আগস্ট থেকে রিও ডি জেনিরোতে শুরু হতে যাওয়া অলিম্পিক গেমসে রাশিয়া অ্যাথলেটিকসের ইভেন্টে অংশ নিতে পারবে না।
সিএএসের এ সিদ্ধান্তে অলিম্পিক গেমস থেকেই রাশিয়ার নির্বাসিত হওয়ার শঙ্কা বেড়ে গেল। ক্রীড়া দুনিয়ার অন্যতম পরাশক্তি রাশিয়া অলিম্পিকে অংশ নিতে না পারলে তা হবে অলিম্পিকের জন্য বড় ধরনের আঘাতই।
যদিও এর দায় রাশিয়ারই। একেবারে সরকারি পৃষ্ঠপোষকতায় ডোপিং কেলেঙ্কারির অভিযোগ আছে দেশটির বিরুদ্ধে। রাশিয়া অবশ্য এখনো নিজেদের নির্দোষ দাবি করে যাচ্ছে। সিএএসের রায়ের পর ক্ষোভ প্রকাশ করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘অবশ্যই এই সিদ্ধান্তের ব্যাপারে আমরা ক্ষুব্ধ। আন্তর্জাতিক ক্রীড়া আদালত আমাদের সব অ্যাথলেটকেই দোষী বানিয়েছে। ঢালাওভাবে সবাইকে দায়ী করার ব্যাপারটি অবশ্য গ্রহণযোগ্য নয়।’ তারকা পোল ভোল্টার ইয়েলেনা ইসিনবায়েভা সিএএসের এই সিদ্ধান্তকে রাশিয়ান অ্যাথলেটিকসের ‘শেষকৃত্য’ হিসেবে অভিহিত করেছেন।
গত নভেম্বরে রাশিয়ার অ্যাথলেটদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়। ডোপিং–বিরোধী আন্তর্জাতিক সংস্থার (ডব্লিউএডিএ) নিয়োগকৃত স্বাধীন কমিশন ডোপিংয়ের অভিযোগে রাশিয়ার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে। ডব্লিউএডিএর অভিযোগ ছিল, রাশিয়াতে অ্যাথলেটদের ডোপিংয়ের বিষয়টি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমেই হয়ে থাকে।
তবে রাশিয়ার ৬৮ জন অ্যাথলেট সিএএসের দ্বারস্থ হয়েছিলেন এই দাবিতে, বাকিদের দায় তাদের ওপরও চাপানো হচ্ছে। তাঁরা তো নির্দোষ। কিন্তু তাঁদের আবেদনও টিকল না।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি পুরো রাশিয়াকেই নিষিদ্ধ করার ব্যাপারে ভাবছে। আগামী রোববার এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। আর তা হলে অলিম্পিকের সবচেয়ে বড় শক্তি ও দলের একটিকে ছাড়া এবারের রিও গেমস দেখতে হবে। সাবেক সোভিয়েত ইউনিয়ন ও বর্তমান রাশিয়া মিলে ১৭০০ পদক জিতেছে অলিম্পিকে। সূত্ র: রয়টার্স।


