স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনকে অবাধ, নিরপক্ষে এবং পেশীশক্তি মুক্ত করতে নির্বাচন কমিশন নানা উদ্যোগ গ্রহণ করেছে। নির্বাচনের দিন (২৮ ডিসেম্বর) জেলার ১৫ টি কেন্দ্রকে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে রাখার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলার ১৫ টি কেন্দ্র হচ্ছে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এ- কলেজ, মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় এ- কলেজ, ধর্মপাশা জনতা উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়, বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুনামগঞ্জের পাগলা উচ্চ বিদ্যালয়, দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়, শাল্লার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুরের কলকলিয়া শাহজালাল উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুরের সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া আলীম মাদ্রাসা, দোয়ারাবাজারের দোহালীলা প্রগতি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়, ছাতক বহুমুখী উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ। ১৫ টি
ওয়ার্ডের ৩০ টি ভোট কক্ষে ৯৩০ জন পুরুষ এবং ২৮৫ জন নারী ভোটার ভোট দেবেন।
এই ১৫ টি কেন্দ্রকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য ৪ টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। প্রতি ক্লাস্টারে ১ জন অতিরিক্ত জেলা প্রশাসক ১৫ টি কেন্দ্রে ১৫ জন ম্যাজিষ্ট্রট, প্রতি কেন্দ্রে ১৫ জন পুলিশ, সঙ্গে বিজিবি ও র্যাব টহলে থাকবে। প্রতি উপজেলায় পুলিশের ৩ টি মোবাইল টিম থাকবে।
জেলা নির্বাচন অফিসার সাদেকুল ইসলাম বলেছেন,‘নির্বাচন কমিশনের সকল বিধি মান্য করে, অবাধ-নিরপেক্ষ, পেশীশক্তি মুক্ত সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচন হবে। এজন্য যা যা করণীয় সবই করা হচ্ছে, নির্বাচন কমিশন থেকেও সেরকম নির্দেশনা দেওয়া হয়েছে’।


