আকরাম উদ্দিন
ভারত থেকে বেয়ে আসা আঁকাবাঁকা চলতি নদীর তীরে প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত অবহেলিত বালাকান্দা বাজার। সদর উপজেলার সুরমা ইউনিয়নে ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় এই বাজার। পনের বছরে পর্যায়ক্রমে ২ শতাধিক দোকান ঘর স্থাপিত হয়েছে বাজারে। তবে বাজারের যথাযথ উন্নয়ন না থাকায় সমস্যায় জর্জরিত বাজার ও বাজারের পার্শ্ববর্তী এলাকা।
বাজার ও বাজারের সংযোগ সড়কগুলোর যথাযথ উন্নয়ন হলে এলাকার অন্যতম দৃষ্টিনন্দন বাজার হিসাবে পরিচিতি পাবে এমন আশাবাদ ব্যক্ত করেন ব্যবসায়ী মো. আবুল খায়েরসহ আরও অনেকে। অবহেলিত এই বাজারের চারিদিকে খোলামেলা পরিবেশ, ধান ও সবজি ফসলের অপূর্ব সুন্দর্য্য এবং চলতি নদীর প্রাকৃতিক পরিবেশ ঘিরে রয়েছে। বাজার ও আশেপাশের এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে চোখ জুড়ানো দৃশ্য। অবসর সময় কাটানোর অপরূপ স্থান হতে পারে দর্শণার্থীদের।
প্রতি বছর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এই বাজার কমপক্ষে ৭০ হাজার টাকা ইজারা দেয়া হয়। বছর বছর সরকারী রাজস্ব পাওয়ার পরও সরকারি বরাদ্দে বাজারের গলি পথ পাকাকরণ হয়নি, নিরাপদ পানি সংকট নিরসনে নলকূপ স্থাপন হয়নি, পাবলিক টয়লেট নির্মাণ হয়নি, বাজারের পাশে একাধিক জনচলাচল সড়কের পাকাকরণ হয়নি, যেমনÑ ইব্রাহীমপুর-সৈয়দপুর সড়ক থেকে মুসলিমপুর-বালাকান্দা বাজার সড়ক কাঁচা, হুড়ারকান্দা-বালাকান্দা বাজার সড়ক কাঁচা, বালাকান্দা বাজার-ঝরঝরিয়া নিউমার্কেট-আমপাড়া পর্যন্ত সড়ক কাঁচা, এ রকমের অনেক সড়কের মাটি ভরাট হয়নি বা সড়কের পাকাকরণ হয়নি।
গত ৮ বছর আগে ইউনিয়ন পরিষদের বরাদ্দে বাজারের ভেতরে একটি গলিপথ পাকাকরণ করা হয়েছিল। সরকারীভাবে আর কোনো উন্নয়ন হয়নি বলে জানান বাজারের ব্যবসায়ীরা। মাছের বাজার নির্মাণ হলেও জায়গা সংকট সহ আছে নানা সমস্যা। বাজারের দক্ষিণ পার্শ্বে নির্মাণাধীন আছে একটি মসজিদ। শনিবার দুপুরে স্থানীয় সাবেক ইউপি সদস্য আলাউর রহমানসহ কয়েকজন বাজারের নানা সমস্যার কথা তুলে ধরে বাজারের উন্নয়নের দাবি জানান।
বালাকান্দা বাজারে শুক্রবার ও মঙ্গলবার বাজার বার হলেও সপ্তাহের অন্যান্য দিনও কমবেশি ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে। হুড়ারকান্দা, মুসলিমপুর, সাহেবনগর, রামপুর ও সৈয়দপুর গ্রামের কয়েক হাজার মানুষ এই বাজারে বেচাকেনা করে থাকেন। শীত ও বর্ষাকালীন সবজি বেচাকেনা হয় এই বাজারে। এমনকি শহরের হাটবাজারেও এই সবজি পাইকারী দরে এনে বিক্রি করেন ব্যবসায়ীরা। এছাড়াও আশপাশের অসংখ্য গ্রামের মানুষ এই বাজারে আসেন। ঈদের সময় জমে ওঠে গরুর হাট।
সাবেক ইউপি সদস্য ও বাজারের ব্যবসায়ী মো. আলাউর রহমান বলেন, ‘আমাদের বাজারে সরকারীভাবে উন্নয়ন হলে বাজারের ভেতরে কাঁচা গলি পথ পাকাকরণ হয়ে যেতো। আমাদের এই বাজার থেকে সরকার প্রতি বছর রাজস্ব পাচ্ছেন। আমাদের বাজারের সকল সমস্যা সমাধানে জরুরি উন্নয়ন প্রয়োজন।’
- দোয়ারায় আনন্দ স্কুলের টিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর থাকবে নির্বাচন কমিশন


