দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলায় রিচিং আউট অব-স্কুল চিল ড্রেন (ব্লক-২) প্রকল্পের আওতায় আনন্দ স্কুলের ট্রেনিং কো-অর্ডিনেটর (টিসি) গোলাপ হোসেন বিরুদ্ধে ৭ লাখ টাকার অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। স্কুলের শিক্ষকদের কাছ থেকে শিক্ষার্থীদের উপকরণ ও পোশাকের টাকা হাতিয়ে নিচ্ছেন আনন্দ স্কুলের টিসি গোলাপ হোসেন। তবে একটি সূত্র জানিয়েছে টিসি গোলাপ মিয়ার ব্যাংক হিসাবে প্রায় ১৩ লাখ টাকা জমা রয়েছে। এই পুরো টাকাই আনন্দ স্কুলের বরাদ্দ।
জানা যায়, উপজেলার নয়টি ইউনিয়নে ছিল মোট ১২৫ টি স্কুল, বর্তমানে চালু আছে ১০৮ টি স্কুল। বিভিন্ন অজুহাত দেখিয়ে ১৭ টি স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। টিসি গোলাপ গোসেনের তথ্য মতে উপজেলায় মোট ১০৮ টি স্কুলে শিক্ষার্থী সংখ্যা ২ হাজারের মত। প্রতি ছয় মাস পর পর এসব স্কুলের শিক্ষকদের বেতন ভাতা, শিক্ষার্থীর উপ করণের টাকা, ঘর ভাড়ার টাকা আসে এক সাথে। আর স্কুলের শিক্ষকগণ উপকরণ ও পোশাকের টাকা ব্যাংক থেকে তোলে টিসির হাতে না দেন, তাহলে ঐ স্কুলের শিক্ষকের বেতন বন্ধ করে দেন টিসি। অথবা স্কুল শিক্ষার্থীদের মধ্য থেকে কোন কোন শিক্ষার্থীর উপবৃত্তির টাকা বন্ধ করে দেয়া হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর অভিভাবক আর শিক্ষকের মাঝে সন্দেহের ঝট বাঁধে।
জানা যায়, প্রথম ধাপে প্রত্যেক শিক্ষার্থীর জন্য বরাদ্দ আসে ১২০ টাকা, এবং ২য় ধাপে আসে ৮০ টাকা। কিন্তু টিসি শিক্ষকদের হাতে ধরিয়ে দিচ্ছেন ১৫ টাকা মুল্যের একটি খাতা, আর ৪ টাকা মুল্যের দুইটি কলম। বাকি টাকা ৭ লাখ টাকা আত্মসাৎ করছে টিসি গোলাপ হোসেন। কিন্তু বেতন বন্ধ ও স্কুল বন্ধ করার ভয়ে স্কুলের শিক্ষকগণ টিসির মুখ খোলছেন না।
শিক্ষকরা জানান, বেতন ভাতাসহ উপকরণের টাকা স্কুল পরিচালনা সভাপতি এবং শিক্ষকের যৌথ স্বাক্ষরে উত্তোলন করেন শিক্ষক। আর টাকা উত্তোলনের পর নিরবে টাকা গুনে নিয়ে যান টিসি। সম্প্রতি শিক্ষকদের ছয় মাসের বেতনসহ উপকরণের টাকা উত্তোলন করে শিক্ষকগণ তাদের কাছে নিয়ে যান। টিসি প্রতি শিক্ষকের কাছে মোবাইল ফোন করে বলেন, তার কাছ থেকে খাতা কলম নেয়ার জন্য। এর মধ্য থেকে একজন শিক্ষক বলছিলেন স্যার আমরা খাতা কলম কিনে দেব তিনি। শিক্ষকদের টিসি গোলাপ মিয়া বলেন, আমার বাসায় খাতা কলম আছে। আমার কাছ থেকে খাতা কলম না নিলে আমি তোমাদের বিরুদ্ধে রিপোর্ট করে স্কুল বন্ধ করে দেব।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষিকা বলেন,‘ এ রকম টিসি আর কোন সময় আসে নি। টাকা ছাড়া কোন কিছুই বুঝেন না তিনি। আমরা আমাদের বেতন ভাতা ও ছাত্র-ছাত্রীদের উপকরণ, উপবৃত্তি ও স্কুল ঘর ভাড়ার টাকা উত্তোলন করি। স্কুলের শিক্ষক ও সভাপতির যৌথ স্বাক্ষরে চেকের মাধ্যমে ব্যাংক থেকে টাকা উঠানোর পরে আমাদের বেতনের টাকা ছাড়া সব টাকা দিতে হয় টিসির হাতে। আমাদের শিক্ষকদের মধ্যে যদি কেউ উনার সাথে যুক্তি-তর্ক করেন। তাহলে ঐ স্কুলে গিয়ে স্কুলের বিভিন্ন সমস্যা দেখিয়ে শিক্ষকদের ভয়ভীতি দেখানো হয়, এমনকি শিক্ষকদের বেতন বন্ধ করে দেন তিনি।’
দোয়ারাবাজার উপজেলা থেকে সম্প্রতি বদলি হয়ে যাওয়া নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,‘২০১৬ সালের আনন্দ স্কুলের শিক্ষার্থীর জন্য পোশাকের জন্য যে টাকা আসছিল সব টাকা টিসির হাতে নেয়ার পর শিক্ষকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। আমরা আনন্দ স্কুল পরিচালনা কমিটিতে যারা ছিলাম সবার মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, পোশাক ক্রয় করার পর যে টাকা ছিল সেই টাকা দিয়ে স্কুলের বেঞ্চ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। উপজেলা টিসি সেই টাকা ব্যাংকে তার হিসাবে রাখেন এবং দেই দিচ্ছি বলে সময় নেয়। এর মধ্যে আমি বদলী হয়ে চলে এসেছি। উপজেলা শিক্ষা অফিসারকে দায়িত্ব দিয়েছিলাম বিষয়টি তদারকি করে বর্ধিত টাকা দিয়ে স্কুলের আবসাবপত্র ক্রয় করা জন্য।
দোয়ারাবাজার উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু রায়হান বলেন,‘ গত কয়েক মাস ধরে আমি আনন্দ স্কুলের টিসি গোলাপ হোসেন সাহেবকে বার বার তাগাদা দিয়ে আসছি। কিন্তু তিনি আমার কোন কথাই আমলেই নিচ্ছে না। তিনি আর বলেন, সবকটা স্কুলে প্রায় তিন হাজারের মত শিক্ষার্থী রয়েছেন। সবার পোশাক ক্রয় করার পর ৭ লাখ টাকার মত বর্ধিত আছে বলে জানিয়ে ছিলেন গোলাপ হোসেন। টাকা চাইলে টিসি বলেন সব টাকা সোনালী ব্যাংঙ্ক তার নিজের একাউন্টেই আছে।’
আনন্দ স্কুলের টিসি গোলাপ হোসেন বলেন,‘ উপজেলা তদারকি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছাত্র-ছাত্রীদের পোশাক ক্রয়ের পর বর্ধিত টাকা দিয়ে যেসব স্কুলে বেঞ্চ নাই সেসব স্কুলের জন্য বেঞ্চ বানানো হবে।’


