আগামীতে পরীক্ষার সময়সূচি কমিয়ে আনা হবে

সু.খবর ডেস্ক
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আগামীতে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সাত দিনের মধ্যে শেষ করা হবে। রবিবার এইচএসসি পরীক্ষা চলাকালে কয়েকটি কেন্দ্র পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আমরা পরীক্ষার সময়সূচি কমিয়ে আনতে চাই। সেটা পাঁচ থেকে ১০ দিনের মধ্যে হতে পারে এমনকি ১০ থেকে ১৫ দিনের মধ্যেও হতে পারে। এখনই নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না। এ ব্যাপারে কাজ চলছে। তবে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলেই এটি ঠিক করা হবে।
রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুলে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী আরও বলেন, পাবলিক পরীক্ষা বিশেষ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ও কমিয়ে আনার ব্যাপারে কাজ করা হচ্ছে। আমরা চাচ্ছি এমন কিছু বিষয় নির্ধারণ করতে যাতে করে পাবলিক পরীক্ষার মানটা বজায় থাকে এবং এ ব্যাপারে বিশেষজ্ঞরা কাজ করছেন। বর্তমানে পরীক্ষার বিষয় বাড়তে বাড়তে এমন অবস্থায় পৌঁছেছে যে, একজনের পরীক্ষা নিতে অনেক সময় ব্যয় হচ্ছে। এ অবস্থা থেকে আমরা বের হয়ে আসতে চাই।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে পরীক্ষার রুটিন করা হয়েছে। তাই নির্বাচন হলেও পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। শিক্ষামন্ত্রী আরও বলেন, ২০০৭-০৮ সালে এইচএসসি পরীক্ষার্থী ঝরে পড়ার সংখ্যা ছিল ২৫ শতাংশ। যা আমরা কমিয়ে ১৯ শতাংশে নামিয়ে এনেছি। এটা আমাদের সাফল্য। প্রশ্নপত্র ফাঁস হওয়া প্রসঙ্গে তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতরা কঠোর গোয়েন্দা নজরদারিতে রয়েছে। সরকার যেকোনো মূল্যে এটা বন্ধ করতে চায়।এর সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সকাল ১০টায় শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। আটটি সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ১২ লাখ ১৮ হাজার ৬২৮ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৬ লাখ ৫৪ হাজার ১১৪ এবং  ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন ছাত্রী। গত বছরের চেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন বেশি। সারাদেশের ২ হাজার ৪৫২টি এবং বিদেশের ৭টি কেন্দ্রে একযোগে শুরু হয় পরীক্ষা।