ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফজলুর রহমান ফুল মিয়া (৬৫) আর বেঁচে নেই। রবিবার সকাল ৯টা ৫০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না… রাজিউন)। রবিবার দুপুর দুইটায় উপজেলা হেলিপ্যাড মাঠে প্রথম নামাজে জানাজা, বিকেল ৫টায় মরহুমের নিজ গ্রামের বাড়ি শরিয়তপুরে
দ্বিতীয় ও সন্ধ্যা ৭টায় গোলকপুর বাজারে তৃতীয় নামাজে জানাজা শেষে কাজিরগাঁও কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মো. ফজলুর রহমান ফুল মিয়া মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান সেলিম, ধর্মপাশা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি সাংবাদিক চয়ন কান্তি দাস, সাধারণ সম্পাদক সাংবাদিক এনামুল হক এনি, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাজিদুল হক সাজু, ধর্মপাশা শিশু কিশোর সংগঠক সাংবাদিক সালেহ আহমদ, আমরা ধর্মপাশাবাসীর উপদেষ্টা সাংবাদিক এনামুল হক এনাম, ধর্মপাশা কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক মুবিন আনসারী, ধর্মপাশা সাহিত্য পরিষদের সভাপতি কবি আনিসুল হক লিখন, সুখাইড় কল্যাণ ফ্রেন্ডস ক্লাবের সভাপতি সারোয়ার জেবিন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন গভীর শোক জানিয়েছেন। এদিকে চেয়ারম্যান মো. ফজলুর রহমান ফুল মিয়ার মৃত্যুতে পৃথক এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা কৃষক লীগের সভাপতি সুবীর তালুকদার বাপ্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেরুল মিয়া।


