বিশেষ প্রতিনিধি ও স্বপন কুমার বর্মন
‘কষ্ট কইরা ১৩ কেয়ার (৩ একর) জমিন করছিলাম সব গেছে পানির নিচে। গরু-ছাগল বেইচ্ছা কোন লাখান খাইয়া-না খাইয়া চলরাম। অখন আফালে ঘরখান ভাইঙা লইয়া যারগি। আগে গেছে খাওন, ভিটা যারগি অখন। বোঝা যার আমরার লাগি গজব আইছে।’ বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওর পাড়ের রাধানগর গ্রামের মুখলেছ মিয়ার মন্তব্য এটি।
মুখলেছ মিয়া জানালেন, কেবল তার ঘর নয়, গ্রামের জমিরুল হক মিয়ার ঘর গত বৃহস্পতিবারের আফালে ভেঙেছে।
বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ্ আহমদ জানালেন, আফালে করচার হাওর পাড়ের রাধানগর, লক্ষীপুর, রায়পুর, বাহাদরপুর, ঘাগটিয়া, ঝিরাক তাহিরপুর, পিয়ারী নগর, ধরেরপাড় গ্রামের বাড়ী-ঘর ভাঙছে। তিনি জানান, ঢেউয়ে কেবল বাড়ি-ঘর নয়, অনেক সড়কও ভেঙে যাচ্ছে। বৃহস্পতিবার বিশ্বম্ভরপুর-কৃষ্ণনগর গ্রামের সড়কের কিছু অংশে ঢেউয়ে ভেঙে গেছে।
লক্ষীপুরের প্রান্তিক কৃষক জগন্নাথ বিশ্বাস বলেন,‘আগে গেছে ফসল, এখন ঢেউয়ে ঘর-বাড়ি ভাঙি যার। যারার ঘরে পানি উঠছে, তারা কেউ কেউ মাচা বাইন্দা ঘরে থাকের। কেউ কেউ উঁচু বাড়ী-ঘরে গিয়া আশ্রয় নিছে।’ তিনি জানান, ঢেউয়ে বেশিরভাগ বাড়ি-ঘরের ভেড়া ভাঙিগেছে। ঢেউয়ে কারো কারো ভিটা-মাটি ভেঙে যাওয়ায় ঘর হেলে গেছে। না হয় পড়ে গেছে।’
কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ধর্মপাশার বাদশাগঞ্জের বাসিন্দা খায়রুল বাশার ঠাকুর খান বলেন,‘হাওরাঞ্চলে বর্ষা আসার সময় আগে বছর বছর আগাম বাড়ী-ঘর বাঁধা হত। এবার আগাম পানি চলে আসায় হাওর থেকে চাইল্লা বন আনা যায়নি। আফালের ঢেউ থেকে বাড়ী-ঘর রক্ষার কোন ব্যবস্থাও হয়নি। ধর্মপাশা-মধ্যনগরের কমপক্ষে ৫০ টি গ্রামের এই অবস্থা।’
জেলা সিপিবি’র সভাপতি ধর্মপাশার মধ্যনগরের বাসিন্দা চিত্তরঞ্জন তালুকদার বলেন,‘হাওরে আগাম পানি আসায় এবার কেউ বাড়ী-ঘর বাঁধতে পারেনি। এই অবস্থায় এতো উচ্চতার পানিতে ১০ মিনিট বাতাস দিলে হাওরাঞ্চলের অনেক বাড়ী-ঘর পানিতে মিশে যাবে।’
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামকে আফালের তা-বে বাড়ি-ঘর ভেঙে যাওয়া মানুষদের জন্য কিছু করা হবে কী-না জানতে চাইলে বলেন,‘দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ বিষয়ে কথা বলবো আমরা।’


