আজমিনা হত্যাকাণ্ড, নারীসহ আটক ৩

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে আজমিনা বেগম (২৪) হত্যাকাণ্ডে নারীসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার ভোরে র‌্যাব ৯ সিপিসি ৩ সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের জৈতাপুর গ্রাম থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন জৈতাপুর গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে মো. গোলাপ মিয়া (৩৬) ও তার সহযোগী আকরম আলীর ছেলে মো. সোহাগ (২২) এবং একই গ্রামের আমির হোসেনের স্ত্রী হেলেনা বেগম (৪৫)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব ৯ জানান, গত বুধবার আজমিনা বেগম নামে এক গৃহবধূর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে তাহিরপুর থানা পুলিশ। এই হত্যাকান্ডের রহস্য উৎঘাটনে পুলিশের পাশাপাশি র‌্যাবের একটি আভিযানিক ও গোয়েন্দা দল কার্যক্রম শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে জৈতাপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যাকারন্ডর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
র‌্যাব ৯ এর উপ-পরিচালক লে. কমান্ডার সিঞ্চন আহমেদ জানান, গৃহবধূ আজমিনা হত্যাকান্ডে জৈতাপুর গ্রাম থেকে তিনজনকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে তারা হত্যাকারন্ডর পরিকল্পনা, কার্যক্রম ও মোটিভ স্বীকার করেছেন। আটক তিনজনকে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে ।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে আনুমানিক ২টার দিকে মৃত গৃহবধূর ছেলে-মেয়ের কান্নাকাটি শুনে পাশের ঘর থেকে শ^শুর ও অন্যরা দৌঁড়ে ছুটে এসে দেখতে পায় ওই গৃহবধূ ঘরে নেই। পরে শশুর বাড়ির লোকজন রাতে গ্রামের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও গৃহবধূর সন্ধান পাননি। ভোরে বসতঘরের অদূরে লাকড়ি খড়কুটো রাখার মাচার নীচে মরদেহ পড়ে থাকতে দেখতে পায় শ^শুর বাড়ির লোকজন। পরে বাড়ির লোকজন থানা পুলিশকে খবর দেয়। পুলিশ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।