আজ লাখো কণ্ঠে বাল্য বিয়েকে ‘না’

বিন্দু তালুকদার
“থাকলে শিশু বিদ্যালয়ে হবে না বিয়ে বাল্যকালে,‘থাকলে শিশু লেখাপড়ায় সফল হবে জীবন গড়ায়” এই শ্লোগানে এক সাথে লাখো কণ্ঠে বাল্য বিবাহ ও যৌন হয়রানিকে লাল কার্ড দেখানোর প্রস্তুতি নিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসন। রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসক সংবাদ  সম্মেলনের মাধ্যমে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবেরা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, সহকারী কমিশনার ফয়সাল রায়হান।
আজ সোমবার দুপুর ১২ টা ২৫ মিনিটে সুনামগঞ্জ শহরে শহীদ আবুল হোসেন মিলনায়তনে ‘বাল্য বিবাহকে না বলুন’ লাল কার্ড প্রদর্শন করা হবে। প্রধান অতিথি হিসেবে সিলেটের বিভাগের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ সুনামগঞ্জ জেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করবেন। জেলা সদরের পাশাপাশি সারা জেলায় একসাথে লাল কার্ড প্রদর্শন করা হবে। জেলার ১১ উপজেলা বাল্য বিয়ে মুক্ত ঘোষণার পর পুরো জেলাকে বাল্যবিয়ে মুক্ত করার এই উদ্যোগ  ।
অতীতের সকল রেকর্ডকে পেছনে ফেলে সমগ্র        পৃথিবীতে এই প্রথম সুনামগঞ্জে লাখো কণ্ঠে রেড কার্ড প্রদর্শনের বিষয়টিকে গিনেজ বুকে অন্তর্ভুক্তির জন্যও উদ্যোগ নেয়া হয়েছে। ব্যতিক্রর্মী এই অনুষ্ঠানের আয়োজক সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে গিনেজ বুক কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে। গিনেজবুক কর্তৃপক্ষও জেলা প্রশাসনের সাথে যোগযোগ করছেন।
সুনামগঞ্জ জেলাকে বাল্য বিবাহমুক্ত ঘোষণাকালে বাল্যবিবাহকে রেড কার্ড (লাল কার্ড) দেখিয়ে এক সাথে লাখো কণ্ঠে উচ্চারিত হবে ‘বাল্যবিবাহ করব না, বাল্যবিবাহ দেব না, বাল্যবিবাহ মানব না’। রেড কার্ড প্রদর্শন অনুষ্ঠানে এক সাথে জেলার সকল মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজিয়েট স্কুলের ১ লাখ ১৪ হাজার ৩২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ সোমবার সকল সাড়ে ১০ টায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। ১০ টা ৪০ মিনিটে স্বাগত বক্তব্য বক্তব্য রাখবেন ……। সোয়া ১০ টায় অনুষ্ঠানস্থলে বাল্য বিবাহমুক্ত সুনামগঞ্জ সম্পর্কে পাওয়া পয়েন্টে উপস্থাপনা করা হবে। বেলা ১১ টায় বাল্য বিবাহমুক্ত সুনামগঞ্জ সম্পর্কে ডকুমেন্টারী প্রদর্শন। সোয়া ১১ টায় বাল্যবিবাহ মুক্ত সুনামগঞ্জ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। ১১ টা ২০ মিনিটে বিশেষ অতিথিগণ বক্তব্য রাখবেন , দুপুর ১২ টায় বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ প্রধান অতিথির বক্তব্য রাখবেন। পরে ১২ টা ২৫ মিনিটে বাল্য বিবাহমুক্ত লাল কার্ড প্রদর্শন করা হবে। সাড়ে ১২ টায় শপথবাক্য পাঠ করবে শিক্ষার্থীরা।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানিয়েছেন, বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমেদের অনুপ্রেরণায় সুনামগঞ্জ জেলা-উপজেলা প্রশাসন, উপজেলা গভর্ন্যান্স প্রজক্ট, জেলা ও মাধ্যমিক শিক্ষা বিভাগের মাধ্যমে বিশেষ এই কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। একসাথে লাখো কণ্ঠে রেডকার্ড প্রদর্শনের বিষয়টি অতীতের সকল রেকর্ড পেছনে ফেলবে। তাই বিষয়টি গিনেজ বুকে অন্তর্ভুক্তির জন্যও উদ্যোগ নেয়া হয়েছে। গিনেজ বুক কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। তারাও আমদের সাথে যোগাযোগ করছেন। তাদের শর্ত পালনের লক্ষ্যে কাজ করছি আমরা।
সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য বলেন,‘ লাল কার্ড দেখিয়ে এক সাথে লাখো কণ্ঠে বাল্য বিয়েকে না বলতে জেলা প্রশাসকের এই মহতি উদ্যোগকে আমরা স্বাগত ও শ্রদ্ধা জানাই। এতে মেয়েরা আরো সচেতন হবে জেলায় বাল্য বিয়ে হ্রাস পাবে। শিশু-কিশোরীদের প্রতিভা বিকশিত হবে। ’