বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি

রেকর্ড হলো কি হলো না, গিনেজ বুক অব রেকর্ডে নাম উঠল কি উঠল না এর চাইতেও বড় কথা হলো সমাজ দেহ থেকে বাল্য বিয়ে নামক চরম অনিষ্টকর উপসর্গটি কতটুকু দূর হলো সেটি। গতকাল সাড়ম্বরে জেলা সদরে বাল্য বিয়েকে সমস্বরে না বলা হলো বর্ণাঢ্য ও ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে। এদিন প্রতিটি উপজেলার মাধ্যমিক বিদ্যালয়সমূহে ছাত্র-ছাত্রীরা বাল্য বিয়ের বিরুদ্ধে লালকার্ড উঁচিয়ে শপথ গ্রহণ করেছেন। এর আগে জেলার ১১টি উপজেলাকে আনুষ্ঠানিকভাবে বাল্যবিয়ে মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা দেয়া হয় নানা আনুষ্ঠানিকতায়। উপজেলা পর্যায়ের ঘোষণার পর গতকাল পুরো জেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হলো। অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর, সফল ও গিনেজ বুকে নাম লেখানোর জন্য জেলা প্রশাসন বেশ কিছুদিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করেছেন। আমরা কামনা করি জেলা প্রশাসনের অনন্যসাধারণ এই উদ্যোগটি গিনেজ বুকে রেকর্ডভুক্ত হোক।
বিভিন্ন অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করা হলেও বাস্তবে বাল্য বিয়ের অভিশাপ যে দূরিভূত হয় নি সেটি সকলের জানা। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরে তাহিরপুর উপজেলার একটি মাদ্রাসাকে কেসস্টাডি করে যে প্রতিবেদন প্রকাশ হয়েছে সেখানে ২০১৬ সনের এপ্রিল মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ৯ মাসে ওই মাদ্রাসার ৮জন ছাত্রীর বাল্য বিয়ে হয়েছে বলে অনুসন্ধানে তথ্য পাওয়া গিয়েছে। একটি উপজেলার একটিমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র যদি এই হয় তাহলে পুরো দেশের চিত্র কেমন হতে পারে তা সহজেই অনুমেয়। সুতরাং বাল্যবিয়ে মুক্ত ঘোষণার পর তৃপ্ত হয়ে বসে থাকার কোন অবকাশ নেই কারও। নিরন্তরভাবে এই খারাপ উপসর্গটির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে সকলকে। সবচাইতে চিন্তার যে বিষয় সেটি হলো গ্রামাঞ্চলে যারা বাল্য বিয়ের বিরোধিতা করছেন তাদেরকে সামাজিকভাবে প্রতিকূল পরিস্থিতির শিকার হতে হয়। সাহস করে উদ্যোগ নিয়ে বাল্য বিয়ে ঠেকালেও পরে ওই বিয়েটিই গোপনে সম্পন্ন হয়ে যায়। তার মানে হলো সমাজের লোকজন ও অভিভাবকরা বাল্য বিয়েকে প্রতিহত করার পরিবর্তে লালন করে চলেছেন। বাল্য বিয়েটি এখন হয়ে উঠেছে কঠিন এক সামাজিক ব্যাধি। সুতরাং এটিকে দূর করা যে কঠিন কাজ তা বুঝা যায় ভালভাবেই।
বাল্য বিয়ের অপকারিতা কি এ নিয়ে ব্যাপক প্রচারণা চালানো হয় সরকারি-বেসরকারি উদ্যোগে। এরপরও প্রকোপ কমানো যাচ্ছে না এর। এর পিছনে অশিক্ষা, কুশিক্ষা ও দারিদ্রতা কাজ করছে অনুঘটক হিসেবে। সমাজপতিদের (যাদের হাতে গ্রামীণ নেতৃত্ব রয়েছে) নিস্পৃহতা ও গুরুত্বহীনতাও এর কারণ। আইন করা হয়েছে বিশেষ ক্ষেত্র ছাড়া ১৮ বছরের কম বয়সি মেয়েদের বিয়ে দেওয়া অপরাধ বলে গণ্য হবে। কিন্তু আইনের প্রয়োগ নেই বললেই চলে। বাল্য বিয়ের খবর পাওয়া গেলে নরম পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সেটি প্রতিহত করার চেষ্টা করা হয়। প্রাথমিক অবস্থায় প্রতিহত করা সম্বব হলেও পরে ওই বিয়েটিই হয়ে যাচ্ছে অন্যসময়ে। সুতরাং আইনের কঠোর প্রয়োগ ব্যতিত এই সামাজিক ব্যাধিকে দূর করা কিছুতেই সম্ভব হবে না। যেসব বিবাহ রেজিস্ট্রার বিয়ে পড়ান, যারা বয়সের প্রত্যয়ন দেন তাদের সকলকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। দৃষ্টান্তস্বরূপ কিছু সাজা কার্যকর করলে অবস্থার  ইতিবাচক পরিবর্তন ঘটতে বাধ্য।
জেলাকে বাল্যবিয়ে মুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা প্রদানের মধ্য দিয়ে আমরা যে নতুন শপথ গ্রহণ করলাম তার ধারাবাহিকতা বজায় রাখতে অবশ্যই আমাদেরকে সবসময় সজাগ ও সতর্ক থাকতে হবে। আশা করি প্রশাসন ও বাল্য বিয়ে নিরোধের সাথে জড়িত সকল পক্ষই এ বিষয়ে আন্তরিক থাকবেন।